Shatadru Dutta on Aroop Biswas: ‘অরূপ দা, আপনার পাড়ার পল্টু তো…’ সমাজমাধ্যমে আবার অরূপকে নিয়ে পোস্ট শতদ্রুর!

Aroop Biswas: অরূপ বিশ্বাসদের নিয়ে বিধাননগরের সিপির কাছে চিঠি পাঠিয়েছিল লিওনেল মেসির নিজস্ব টিমও। টানা তিনবার হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস। দিন কয়েক আগেই আগাম জামিনের আবেদন নিজেই তুলে নিয়েছিলেন অরূপ। এবার টানা এড়াচ্ছেন পুলিশি হাজিরা দেওয়ার নির্দেশও।

Shatadru Dutta on Aroop Biswas: অরূপ দা, আপনার পাড়ার পল্টু তো... সমাজমাধ্যমে আবার অরূপকে নিয়ে পোস্ট শতদ্রুর!
মেসির সঙ্গে আয়েজক শতদ্রু।Image Credit source: Facebook/@Shatadru Dutta II

| Edited By: Moumita Das

Jun 17, 2026 | 12:23 PM

কলকাতা : আজ ২০২৬ বিশ্বকাপে (FIFA World Cup 2026) প্রথমবার নামলেন লিওনেল মেসি (Lionel Messi)। আলজেরিয়ার (Algeria) বিরুদ্ধে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন লিও। তাঁর একক দক্ষতায় এই আফ্রিকান দেশকে ৩-০ হারাল আর্জেন্টিনা (Argentina)। এরপরেই সোশ্যাল মিডিয়ায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) খোঁচা মেরে পোস্ট করলেন কলকাতায় মেসি গোট ট্যুরের (G.O.A.T Tour) আয়োজক শতদ্রু দত্ত (Shatadru Dutta II)। এমনিতেও রাজ্যের পালাবদলের পরেই মেসি কাণ্ডে নানারকম দিক থেকে ফেঁসে রয়েছেন অরূপ। আদালতের নির্দেশ সত্ত্বেও হাজিরা এড়িয়েছেন সুরুচি সংঘের পুজোর মূল উদ্যোক্তা। এখন তাঁর অবস্থান কোথায়, কেউ জানে না। এই নিয়ে ৩ বার হাজিরা এড়িয়েছেন অরূপ। তবে এবার তাঁকে নিয়েি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শতদ্রু।

আজ, বুধবার আলজেরিয়াকে ৩-০ হারিয়েছে আর্জেন্টিনা। হ্যাটট্রিক করেছেন মেসি। তারপরেই সোশ্যাল মিডিয়াতে শতদ্রু লিখেছেন,“অরূপ দা,আপনার পাড়ার পল্টু আজ হ্যাটট্রিক করেছেন, এবার তো বেরিয়ে আসুন।” ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল এই পোস্ট। নেটিজেনরা রীতিমতো মজার ছলে নিচ্ছেন এই পোস্টকে। অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন সেই পোস্টের কমেন্ট বক্সে। একজন লিখেছেন,“অরূপ বিশ্বাসের টাচের পরেই ওয়ার্ল্ড কাপ হ্যাটট্রিক এল।” আরও একজন লিখেছেন,“মেসিতে মিলায় গোল, ‘বিশ্বাস’ বহুদূর।”

গত ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন লিও মেসি, রদ্রিগো ডি পল, লুই সুয়ারেজ। স্বপ্নের নায়ককে একবার দেখার জন্য উদগ্রীব হয়ে ছিলেন বহু ভক্ত। অনেকে প্রচুর টাকা খরচ করে মেসির টিকিট কিনেছিলেন। তবে মেসি আসার পরেই শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। মেসিকে ঘিরে ধরেন প্রচুর ভক্ত, সমর্থক, সাংবাদিকরা। ফলে নির্ধারিত শো না করেই বিরক্ত হয়ে মাঠ ছাড়েন মেসি। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। মাঠে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ক্ষোভের কারণ হিসেবে দায়ী করা হয় অরূপ বিশ্বাসকে, যিনি ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। অভিযোগ ওঠে,ক্রমাগত মেসির সঙ্গে নিজের, নিজের পরিবারের, ঘনিষ্ঠদের ছবি তুলিয়েছেন অরূপ। এমনকি মেসির কোমরে ও কাঁধে হাত দেওয়ার মত গুরুতর অভিযোগ ওঠে অরূপের বিরুদ্ধে।

ঘটনার দিনেই গ্রেপ্তার হন শতদ্রু। পরে তিনি অভিযোগ করেন, নিজের প্রভাব খাটিয়ে এই কাজ করেছিলেন অরূপ বিশ্বাস। সুপ্রিম কোর্টে গিয়ে অভিযোগ করার হুমকি দিয়েছিলেন শতদ্রু। আবার টানা তিনবার হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস। দিন কয়েক আগেই আগাম জামিনের আবেদন নিজেই তুলে নিয়েছিলেন অরূপ। এবার টানা এড়াচ্ছেন পুলিশি হাজিরা দেওয়ার নির্দেশও।

আজ গোল করে বিশ্বকাপ কেরিয়ারে মোট ১৬ গোল হয়ে গেল মেসির। টপকে গিয়েছেন গার্ড মুলার, রোনাল্ডো নাজারিওদের। আর এক গোল করলে তিনিই হয়ে যাবেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। দেশের জার্সিতে মোট ১১টি হ্যাটট্রিক হয়ে গেল মেসির। তবে অরূপ বিশ্বাসকে নিয়ে শতদ্রু দত্তের এই পোস্ট নিয়েই আলোচনা চলছে বঙ্গ ক্রীড়ামহলে।

Follow Us