
সিডনি: ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে নতুন করে বিস্ফোরক দাবি করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার উসমান খোয়াজা। তাঁর দাবি, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে গোটা অস্ট্রেলিয়া দল জানত। অর্থাৎ, এই ঘটনার সঙ্গে শুধুই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট জড়িত ছিলেন না, গোটা দল বিষয়টি জানত।
সিডনি মর্নিং হেরাল্ডে এক সাক্ষাৎকারে নিজের নতুন বই সবর প্রকাশের আগে এই দাবি করেছেন খোয়াজা। তাঁর এই বক্তব্য ক্রিকেট অস্ট্রেলিয়ার এতদিনের অবস্থানের কিন্তু সম্পূর্ণ বিপরীত। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত অনুযায়ী, ২০১৮ সালে তৃতীয় টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করে বলের শাইন পরিবর্তনের পরিকল্পনা সম্পর্কে জানতেন এই তিনজন অর্থাৎ, স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট।
খোয়াজা বলেছেন, “এটা আমরা সবাই জানতাম। শুধু ব্যাটার বা বোলাররা নয়, সব্বাই জানতাম।” এই ঘটনার পর স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে শাস্তির মুখে পড়তে হয়। তৎকালীন অধিনায়ক স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়। অন্যদিকে ব্যানক্রফটের নির্বাসনের মেয়াদ ছিল ৯ মাস। তবে অজি দলের সদস্য কামিন্স, স্টার্ক ও হ্যাজলউড ২০২১ সালে যৌথ বিবৃতি দিয়েছিলেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে তাঁদের কোনও ধারণা ছিল না। সেই সময় অস্ট্রেলিয়ার কোচ ছিলেন ড্যারেন লেম্যান। কেপটাউন কাণ্ড ঘটার পর আবেগপ্রবণ হয়ে পদত্যাগ করেছিলেন তিনি।
নিজের বইয়ে খোয়াজা লিখেছেন, ২০১৮ সালের ওই সিরিজের সময় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। সেই সময় স্যান্ডপেপারকে বলের শাইন পরিবর্তনের মাধ্যম হিসাবে বিবেচনা করা হয়েছিল। এই আলোচনার এক পর্যায়ে স্টিভ স্মিথ বলেন, তিনি আর এই বিষয়ে থাকতে চান না। তাঁর কথায়, “এত বছরেও এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ সত্য প্রকাশ না হওয়ার ফলে আমি খুব হতাশ। আমি ভেবেছিলাম, এই ৮ বছরে অনেক কিছু প্রকাশ্যে চলে আসবে। সত্যিটা সামনে আনার দায়িত্বও আমি নিতে ইচ্ছুক ছিলাম না। আমি ভেবেছিলাম, ডেভিড (ওয়ার্নার) হয়ত সব কিছু নিজেই প্রকাশ করবে, অথবা অন্য কোনও সদস্য এই বিষয়ে আরও বেশি করে কথা বলবে।”
দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে সেই সিরিজে ২-১ হেরেছিল অস্ট্রেলিয়া। এবার খোয়াজার নতুন দাবি ৮ বছর আগের সেই বিতর্ককে আবার ক্রিকেটের মূলস্রোতে ফিরিয়ে আনল।