
নয়াদিল্লি: তাঁর বয়স মাত্র ১৫, কিন্তু এখন থেকেই তাঁর ব্যাটিং বিক্রমে মুগ্ধ গোটা বিশ্ব। এই মুহূর্তেই চূড়ান্ত জনপ্রিয় তিনি। বিমানবন্দরে পা রাখলেই তাঁকে ঘিরে ধরেন ক্যামেরাম্যান ও পাপারাজ্জিরা। ছবি তোলা হোক বা রিল – সবেতেই বৈভবকে নিয়ে বাড়তি উৎসাহ। আর সেই উন্মাদনার মধ্যেই পাপারাজ্জিদের রীতিমতো সতর্ক করে দিলেন ভারতের কিশোর ব্যাটার। আর সেই মন্তব্যের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় দলের বাকি সদস্যদের সঙ্গে দিল্লি পৌঁছেছিলেন বৈভব। বিমানবন্দরে নামতেই তাঁকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। বিমানবন্দরে তাঁর পরনে ছিল একটি হুডি ও কালো প্যান্ট। যদিও ছবি তোলার অনুরোধে কাউকেই তিনি নিরাশ করেননি কিন্তু আশপাশের পরিবেশও দেখছিলেন তিনি। এমন সময়েই তিনি পাপারাজ্জিদের উদ্দেশ্যে বলে ওঠেন, “রিল কে চক্কর মে ঠুক যাওগে!” অর্থাৎ, রিল বানাতে গিয়ে গাড়ির ধাক্কা খেয়ে যেতে পারেন। তাঁর এই মন্তব্য ঘিরেই সোশাল মিডিয়াতে শুরু হয়েছে চর্চা।
মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটবিশ্বকে মোহতে আচ্ছন্ন করে ফেলেছেন বৈভব। মাঠে তাঁর ব্যাটিংয়ের সঙ্গে মাঠের বাইরের উপস্থিতি নিয়েও ভক্তদের মধ্যে বাড়ছে উন্মাদনা। বিমানবন্দরে তাঁর আসা-যাওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করতে রীতিমতো তৎপর থাকেন সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ার প্রতিনিধিরা। ছবি বা ভিডিও তোলার অনুরোধে কাউকেই সচরাচর ফিরিয়ে দেন না বৈভব। তবে সেই কাজ করতে গিয়ে কেউ যেন নিজের নিরাপত্তা ভুলে না যান, সেই দিকটাও মজার ছলে বুঝিয়ে দিয়েছেন তিনি।