
মুম্বই: গতকাল থেকে শুরু হয়েছে বিগ বস বাংলা (Big Boss Bangla)। ২০১৬ সালের পর আবার বাংলায় শুরু হয়েছে এই বিখ্যাত গেম শো। মোট ১৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এই গেম শো-তে। এবার এই শো-এর সঞ্চালক প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অতীতে অন্য একটি চ্যানেলের জন্য একটি কুইজ শোতে বহুবছর সঞ্চালনা করলেও এই প্রথম বিগ বস সঞ্চালনা করছেন সৌরভ। গতকাল ছিল এর গ্র্যান্ড ওপেনিং। সেখানেই এসেছিলেন ভারতীয় ক্রিকেটের আরেক তারকা ক্রিকেটার হরভজন সিং।
সেখানেই এসে একদিকে যেমন নাচ-গান হল, তেমনই গতকাল শো-তে জমকালো এন্ট্রি নেন ভাজ্জি। তারপর জনপ্রিয় বাংলা গান ‘পাগলু থোড়া সা কর লে রোম্যান্স’ গানে একসঙ্গে পা মেলালেন এই তারকা স্পিনার। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন সৌরভও। এরপরেই হরভজন সৌরভকে জিজ্ঞেস করেন, “তুমি এসব কী করছ? তুমি চাইলে ক্রিকেটের মেন্টর, কোচ হতে পারতে কিন্তু বিনোদনের দুনিয়ায় কেন?” তখন সৌরভ বলেন, বিনোদনের দুনিয়া তাঁর বরাবরের পছন্দের। তাই ক্রিকেটের বাইরে এই দুনিয়াতেও তিনি মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ভাজ্জি বলেন, ক্রিকেটের দুনিয়াতে তাঁর কাছে বিগ বস একজনই। অর্থাৎ, সৌরভই তাঁর কাছে বিগ বস। এমনকি সৌরভকে বাংলায় ‘‘দাদা, আমি তোমাকে ভালোবাসি” ও বলেন ভাজ্জি।
এরপরই তাঁদের পুরোনো দিনের কথা উঠে আসে। ইডেনে হরভজনের হ্যাটট্রিক থেকে সৌরভের ক্যাপ্টেন্সি – সবকিছু নিয়েই কথা হয় দুজনের। হরভজনের মতে, কলকাতায় না গেলে হয়ত হরভজন জানতেও পারতেন না তাঁর জীবনের মোড় কিভাবে ঘুরতে পারে। ভাজ্জি বলেন, তাঁর মনে হয় কলকাতার মানুষ তাঁকে যে ভালবাসা দিয়েছে, তার ফলে তিনি নিজেও বাঙালি হয়ে গিয়েছেন। এমনকি, মা কালির আশীর্বাদে তাঁর পারফরম্যান্স ভাল হয়েছে বারবার।
এমনকি ভাজ্জি ও সৌরভ এও বলেন, তাঁরা কিভাবে একে অন্যের জীবন বদলে দিয়েছেন। হরভজন জানান, ইডেন টেস্টের হ্যাটট্রিক আসলে তাঁর ভারতীয় ক্রিকেটের কেরিয়ারের জমি শক্ত করেছিল। আবার সৌরভ জানান, হরভজন আসলে সৌরভের ক্যাপ্টেন্সি বাঁচিয়েছেন। তবে দুজনে স্বীকার করেছেন, দুজনেই মানুষ হিসেবে খুব ভাল। সব মিলিয়ে, দুই প্রাক্তন ক্রিকেটারের স্মৃতিমেদুরতায় দাদাগিরির গ্র্যান্ড ওপেনিংই স্মরণীয় হয়ে রইল।