
ডারউইন : এই ডারউইনের মাঠেই ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ইনিংস ও ১৩২ রানে আশরাফুল-অলোক কাপালির বাংলাদেশকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ২৩ বছর পর সেই মাঠেই ইতিহাস গড়ল বাংলাদেশ। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হাসান শান্তর ছেলেরা। তবে এই ম্যাচ জিতে শুধু জয় নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলেও বড় লাফ দিল বাংলাদেশ।
প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৬ উইকেট নেন হাসান মেহমুদ। এরপর প্রথম ইনিংসে ৪২৬ রান করে বাংলাদেশ। তানজিদ হাসানের সেঞ্চুরিতে ২২৮ রানের বড় লিড পায় টাইগার্সরা। দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ৫৭ রানের লক্ষ্যমাত্রা ১ উইকেট হারিয়েই পূরণ করে ফেলে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের প্রথম জয়। রবিবার, চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরানোর শেষ চেষ্টা করেছিলেন ক্যামেরন গ্রিন। লাঞ্চের পর নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি করেন তিনি। ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেললেও সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য পেলেন না এই নাইট তারকা। প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল বাংলাদেশ। এর ফলেই এল জয়।
বাংলাদেশের এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে উন্নতি করল বাংলাদেশ। জয়ের পর বাংলাদেশের PCT বেড়ে হয়েছে ৬৬.৬৭%, যা আগে ছি ৫৮.৩৩%। এর ফলে বাংলাদেশ উঠে এসেছে ৪ নম্বরে। অস্ট্রেলিয়া অবশ্য এখনও শীর্ষেই রয়েছে। তবে বাংলাদেশের কাছে হেরে তাদের PCT কমে হয়েছে ৭৭.৭৮%। তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ৬ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫২ ও PCT ৭২.২২%। চার নম্বরে আছে বাংলাদেশ। ৫ ম্যাচ খেলে ৩ ম্যাচে জয় ও ১ হার সহ ৪০ পয়েন্ট নিয়ে PCT ৬৬.৬৭%। এরপরেই অর্থাৎ ৫ নম্বরে রয়েছেন শুভমন গিলরা। ৯ ম্যাচ খেলে ৪ জয় ও ৪ হারসহ ৫২ পয়েন্ট আছে ভারতের। গিলদের মোট PCT ৪৮.১৫%। এর ফলে এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই জমে উঠেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মুহূর্তে ২ টেস্টের সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। এখনও ভারতের ম্যাচ বাকি ৯। ফাইনালের লড়াইয়ে টিকতে গেলে এই ৯টি ম্যাচের মধ্যে অন্তত ৭ ম্যাচে জিততেই হবে ভারতকে। তাই এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই যেকোনও থ্রিলার উপন্যাসকে হার মানাবে।