Android Logo: বছর চারেক পর অ্যান্ড্রয়েড লোগো পরিবর্তন করল Google, নতুন কী রয়েছে?

অ্যান্ড্রয়েডের সেই বাগ, যা 'Bugdroid' নামে পরিচিত, সেটিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে আরও প্রাসঙ্গিক করে তুলতেই নতুন মাত্রাগুলি যোগ করা হয়েছে। এটি আগের মতোই স্বতন্ত্র সবুজ রং ধরে রেখেছে। তবে তাতে অন্যান্য আরও রং ও টেক্সচার যোগ করা হয়েছে।

Android Logo: বছর চারেক পর অ্যান্ড্রয়েড লোগো পরিবর্তন করল Google, নতুন কী রয়েছে?
অ্যান্ড্রয়েডের লোগো পরিবর্তন।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 08, 2023 | 3:55 PM

Android Logo Change: প্রায় চার বছরেরও বেশি সময় পর Android এর লোগো বদলাল Google। লোগোটিকে রিফ্রেশ করা হয়েছে মজাদার কিছু 3D উপাদানের সঙ্গে, যা তার কমিউনিটিকে আরও ‘ভালভাবে প্রতিনিধিত্ব করে।’ অ্যান্ড্রয়েডের সেই বাগ, যা ‘Bugdroid’ নামে পরিচিত, সেটিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে আরও প্রাসঙ্গিক করে তুলতেই নতুন মাত্রাগুলি যোগ করা হয়েছে। এটি আগের মতোই স্বতন্ত্র সবুজ রং ধরে রেখেছে। তবে তাতে অন্যান্য আরও রং ও টেক্সচার যোগ করা হয়েছে। পাশাপাশি Android টেক্সটও আপডেট করেছে Google। সার্চ ইঞ্জিন জায়ান্টটি জানিয়েছে, আপডেটেড লোগো এবং 3D Bugdroid চলতি বছরেই বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইসে দেখা যাবে।

ব্লগপোস্টে Google লিখছে, “প্রতিবার যখন আমরা ব্র্যান্ডিং নিয়ে কাটাছেঁড়া করি, শুধুমাত্র পরিবর্তনের প্রয়োজনে না করে ভবিষ্যতের লক্ষ্যগুলিরও মূল্যায়ন করি। মানুষের পছন্দ আজ বদলেছে, তাঁরা নিজেদের হাতে সবকিছু নিয়ে নিতে চান। তাই, আমরা চাই আমাদের ব্র্যান্ড যখন Android-এর প্রতিফলন করে, তখন এমন কিছু করার যা মানুষকে তাঁদের শর্তে তৈরি করার স্বাধীনতা দেয়।” গুগল জানিয়েছে, নতুন বাগ লোগোটির বিভিন্ন অবতার রয়েছে, যা তার কমিউনিটির কাছে নানা ভাবে ধরা দেবে। এই প্রসঙ্গেই সংস্থাটি যোগ করেছে, সারা বিশ্বে এই মুহূর্তে তিন বিলিয়নেরও বেশি ডিভাইস অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

বিগত কয়েক বছরে প্রযুক্তির জগতে আধুনিকতা এবং প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে Google। তার ফলে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে তরুণ এবং বয়স্ক, উভয় প্রজন্মই যোগ দিয়েছে। 2019 সালে সার্চ ইঞ্জিন জায়ান্টটি আরও ইউজ়ার-ফ্রেন্ডলি ও অ্যাক্সেসিবল হওয়ার জন্য Android এবং Bugdroid লোগোটি আপডেট করেছিল। শুরু থেকেই বিভিন্ন অ্যান্ড্রয়েড প্রজন্মের জন্য নামকরণের স্কিমও চালু করা হয়েছিল। তবে অভ্যন্তরীণ ভাবে Google এখনও বিভিন্ন অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য ‘ডেজ়ার্ট’ নাম ব্যবহার করে। বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড তার বিভিন্ন সংস্করণ তথা প্রজন্মের জন্য সহজবোধ্য সংখ্যা পদ্ধতি অনুসরণ করে, যেমন Android 13, 14 ইত্যাদি। এভাবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সনটি এখনও পর্যন্ত Android 14।

গুগলের তরফ থেকে এ বিষয়ে বলা হচ্ছে, “আমরা আশা করি অ্যান্ড্রয়েড টাইপফেসের এই ছোট কিন্তু উল্লেখযোগ্য আপডেটগুলি অ্যান্ড্রয়েড ডিভাইস এবং গুগল অ্যাপস ও পরিষেবাগুলির মধ্যে সম্পর্ককে আরও ভালভাবে যোগাযোগ করবে।” এদিকে চলতি বছরের অক্টোবর মাস থেকেই Android 14 অপারেটিং সিস্টেমের রোলআউট প্রক্রিয়া শুরু করা হবে। আবার, 4 অক্টোবর নতুন Pixel 8 সিরিজ়ের ফোনগুলি লঞ্চ করা হবে। পাশাপাশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে মেটিরিয়াল ইউ ডিজ়াইনটিকেও পুরোপুরি ভাবে দেওয়ার কাজটিও শুরু করতে চলেছে Google।

Follow Us