Joyride Death: মা বারণ করেছিল! মেলায় দুটো টাকা রোজগার করতে গিয়ে জয়রাইডে এমন পরিণতি, দুঃস্বপ্নে ভাবেনি সূরজ

Andul Mela Electrocution Death:  নবম শ্রেণীর ছাত্র ছিল সূরজ। তাঁকে কাজে নিয়ে যেতে বারণ করেছিল তাঁর মা। পরিবারের সকলে আপত্তি জানিয়েছিল। দাবি নাবালকের পরিবারের। কিন্তু সেই বারণ না শুনে, জোর করে কাজে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

Joyride Death: মা বারণ করেছিল! মেলায় দুটো টাকা রোজগার করতে গিয়ে জয়রাইডে এমন পরিণতি, দুঃস্বপ্নে ভাবেনি সূরজ
মেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সূরজের।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 26, 2026 | 3:25 PM

হুগলি: সংসারে অর্থাভাব। দুটো টাকা রোজগার করলে, একটু সাহায্য হয়ে যাবে, এই ভেবেই মেলায় নাগরদোলা চালানোর কাজ করতে গিয়েছিল বছর পনেরোর সূরজ। কিন্তু ওই জয় রাইড যে তাঁর পরিবার থেকেই সব সুখ-আনন্দ কেড়ে নেবে, তা কল্পনাও করতে পারেনি। রাসের মেলায় নাগরদোলা চালানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল শ্রীরামপুরের এক নাবালকের। শোকের ছায়া নেমেছে এলাকায়।

পরিবারের দাবি, জোর করে কাজে নিয়ে যাওয়া হয়েছিল ওই কিশোরকে। তাঁর মা বারবার বারণ করেছিল যে এই কাজে যেন  না যায়। তাও কিশোরের মামাবাড়ি থেকে তাঁকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরই এই মর্মান্তিক দুর্ঘটনা। যদিও জোর করে মেলায় কাজে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করছেন নাগরদোলা মালিকের স্ত্রী।

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার আন্দুলে। সেখানে রাসের মেলা চলছে। ওই মেলাতেই ছোটদের জন্য নাগরদোলা চালানোর কাজে গিয়েছিল হুগলির শ্রীরামপুর ঘোড়ামারার সূরজ কুমার সাউ (১৫)। গতকাল বিকেল ৫টা নাগাদ যখন জয়রাইড চালাতে যায়, তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয় কিশোর। লোহার ব্য়ারিকেডের উপরে বিদ্যুতের তার লাগতেই জোরে বিদ্যুতের ঝটকা লাগে। আশেপাশের কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

অভিযোগ, এলাকারই বাসিন্দা কৈলাশ প্রসাদ তাঁকে কাজে নিয়ে গিয়েছিল। গতকাল দুপুরে মামাবাড়িতে খাওয়া-দাওয়া করছিল সূরজ। সেখান থেকেই তাঁকে ডেকে নিয়ে যায় কৈলাশ।

নবম শ্রেণীর ছাত্র ছিল সূরজ। তাঁকে কাজে নিয়ে যেতে বারণ করেছিল তাঁর মা। পরিবারের সকলে আপত্তি জানিয়েছিল। দাবি নাবালকের পরিবারের। কিন্তু সেই বারণ না শুনে, জোর করে কাজে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

যদিও কৈলাশের স্ত্রীর দাবি, “আগেও সূরজ কাজে গিয়েছে। আমরা টেনে টুনে নিয়ে যায়নি। মেলায় গেলে দুটো পয়সা পাওয়া যায়, তাই জন্যই তো কষ্টের কথা ভেবে, তাঁর মায়ের অনুমতি নিয়েই সূরজকে নিয়ে যাওয়া হয়েছিল। তাও আমাদের রাইডে হয়নি। অন্য একটা রাইডে হয়েছে। যদি একটু সময় থাকত, তাহলে ভিক্ষা করে হলেও ওঁকে বাঁচাতাম।”

ইতিমধ্যেই জয় রাইড ও মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হাওড়ার আন্দুলে রাসের মেলায় গিয়ে নাগরদোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ঘোড়ামারায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us