Alipurduar Violence: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে রণক্ষেত্র আলিপুরদুয়ার! অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর, ধৃত ১২

Alipurduar Assault Case: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার আলিপুরদুয়ারের পূর্ব কাঁঠালবাড়ি এলাকায় ১৬ বছরের এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৫৪ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের সদস্য জানতে পারা মাত্রই সোনাপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে।

Alipurduar Violence: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে রণক্ষেত্র আলিপুরদুয়ার! অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর, ধৃত ১২
ব্য়াপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 06, 2026 | 9:07 PM

আলিপুরদুয়ার: নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র আলিপুরদুয়ার। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে পথ অবরোধের পাশাপাশি অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুরও চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে হয় বিশাল পুলিশ। ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার আলিপুরদুয়ারের পূর্ব কাঁঠালবাড়ি এলাকায় ১৬ বছরের এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৫৪ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের সদস্য জানতে পারা মাত্রই সোনাপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। যদিও তারপরেও প্রশমিত হয়নি স্থানীয়দের ক্ষোভ। 

অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সোমবার সকাল থেকেই শালকুমার মোড় এলাকায় জড়ো হতে শুরু করেন শয়ে শয়ে মানুষ। শুরু হয়ে যায় পথ অবরোধ। এর জেরে ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। চরম উত্তেজনা তৈরি হয় এলাকায়। খবর পেয়েই ছুটে যায় পুলিশ। কিছু সময় পরে অবরোধ উঠলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। এর কিছুক্ষণ পরেই বিক্ষুব্ধ জনতা সোজা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়। সেখানে ব্যাপক ভাঙচুরও চলে। ফের একবার তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে দ্রুত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে পরিস্থিতি আয়ত্তে আসে। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাও জানিয়েছেন, “বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ভাঙচুর ও অশান্তি ছড়ানোর অভিযোগে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।” নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। চলছে কড়া নজরদারি।

Follow Us