
বাঁকুড়া: তৃণমূলের বন্ধ হয়ে থাকা দলীয় কার্যালয় খুলতেই চক্ষু চড়কগাছ হল স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের। দলীয় কার্যালয়ের ভেতরে থাকা একটি আলমারি খুলতেই মিলল থরে থরে সাজিয়ে রাখা বহু আসল আধার কার্ড, ব্যাঙ্কের পাসবুক ও বিভিন্ন সরকারি প্রকল্পের নথিপত্র। উদ্ধার হয়েছে বেশ কিছু সাদা থান কাপড় ও কীটনাশকও। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর ব্লকের বালিঠ্যা পূর্ব সংসদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কোতুলপুর ব্লকের লোগো গ্রাম পঞ্চায়েতের বালিঠ্যা গ্রামে তৃণমূল আমলে গড়ে তোলা হয় একটি পাকা দুই কক্ষ বিশিষ্ঠ তৃণমূল কার্যালয়। তৃণমূল আমলে এলাকার দলীয় সংগঠন পরিচালনা ছাড়াও এই কার্যালয় থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তা নির্ধারণ করতেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এমনটাই অভিযোগ। সম্প্রতি রাজ্যে পালাবদলের পর ওই কার্যালয়ে তালা পড়ে যায়।
তারপর থেকে ওই কার্যালয় তালাবন্ধ অবস্থাতেই পড়েছিল। আজ স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্ব ওই দলীয় কার্যালয়ে হাজির হয়ে তল্লাশি শুরু করে। অভিযোগ, ওই দলীয় কার্যালয়ে থাকা একটি আলমারির দরজা খুলতেই বেরিয়ে আসে প্রায় দেড়শোটি আসল আধার কার্ড ও সম সংখ্যক ব্যাঙ্ক পাসবুক। এছাড়াও সরকারি আবাস প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের বেশ কিছু নথিও উদ্ধার হয়। ওই দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয় ষাটটির মতো সাদা থান কাপড় ও বেশ কিছু কীটনাশক।
স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্বের দাবি স্থানীয় বাসিন্দাদের আসল আধার কার্ড ও ব্যাঙ্ক পাসবুক সংগ্রহ করে রেখে এই দলীয় কার্যালয় থেকে দূর্নীতি চালাতো তৃণমূল নেতারা। স্থানীয় কৃষকদের দেওয়ার জন্য সরকারিভাবে সরবরাহ করা কীটনাশক চাষিদের না দিয়ে তা ওই কার্যালয়েই জমিয়ে রেখেছিলেন তৃণমূল নেতৃত্ব। অভিযোগ উড়িয়ে তৃনমূলের দাবি সরকারি আধিকারিকদের ডেকে যদি ওই দলীয় কার্যালয় খুলে এই নথি উদ্ধার হত তাহলে তার সত্যতা নিয়ে প্রশ্ন থাকতো না। কিন্তু তা হয়নি। তাই এই ঘটনা সাজানো হয়ে থাকতে পারে।