
বাঁকুড়া: ২০২৬-এ প্রার্থী হতে পারেননি দুবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। এবার বিতর্কে উঠে এল তাঁর নাম। সম্প্রতি সমাজমাধ্যমে জ্যোৎস্না মান্ডির একটি ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে যায়। ওই ভিডিয়োতে হিন্দি গানে অপর এক মহিলার সঙ্গে জ্যোৎস্না মান্ডিকে (Jyotsna Mandi) কোমর দুলিয়ে নাচতে দেখা যায়। ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই সমালোচনা ও তীর্যক মন্তব্যে সরগরম হয় নেটপাড়া। এরপরই আসরে নামেন প্রাক্তন মন্ত্রী। বিজেপিকে কাঠগোড়ায় তুলে সমাজ মাধ্যমেই সরব হন প্রাক্তন মন্ত্রী। অভিযোগ উড়িয়ে পাল্টা প্রাক্তন মন্ত্রীকেই বিঁধেছে বিজেপি।
তৃণমূল আমলে জঙ্গলমহলের অন্যতম দাপুটে নেত্রী হিসেবে পরিচিত ছিলেন জ্যোৎস্না মান্ডি। ২০১৬ সাল থেকে ২০২৬ পর্যন্ত বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভা থেকে বিধায়ক ছিলেন তিনি। শেষ ৫ বছর তাঁকে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০২৬ সালে দল তাঁকে আর টিকিট দেয়নি। নির্বাচন পরবর্তী সময়ে তিনি ঋতব্রত তৃণমূলে যোগ দেন।
বিধায়ক ও মন্ত্রী থাকাকালীন বারবারই বিতর্কে জড়িয়েছেন জ্যোৎস্না মান্ডি। এবার ফের তাঁকে ঘিরে উঠল বিতর্কের ঝড়। সম্প্রতি হিন্দি গানে এক মহিলার সঙ্গে প্রাক্তন মন্ত্রীর নাচ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সেই পোস্টকে ঘিরে আছড়ে পড়ে সমালোচনা ও তীর্যক মন্তব্যের ঝড়। নাচের ভিডিয়ো ভাইরাল হতেই আসরে নামেন প্রাক্তন মন্ত্রী।
সমাজ মাধ্যমে এভাবে তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডকে তুলে ধরার জন্য বিজেপিকে কাঠগোড়ায় তুলে সমালোচনায় সরব হন প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, “এইসব অভিযোগ আমার কাছে নতুন নয়। আমার ব্যক্তিগত জীবন থাকতেই পারে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সময় নেই বিজেপির।