
বাঁকুড়া: নিম্নচাপের জেরে গতকাল রাতভর বৃষ্টি। আর সেই বৃষ্টির জেরে এবার জলের তলায় চলে গেল বিঘের পর বিঘে জমির ধান ও সবজি। আমন ধান পাকা ও শীতকালীন সবজি ওঠার এই মরসুমে বিঘের পর বিঘে জমি জলের তলায় চলে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
ঘূর্ণিঝড় অর্ণবের জেরে গত কয়েকদিন ধরে দফায় দফায় হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে। গতকাল বিকাল থেকে সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হয় তুমুল বৃষ্টি। রাতভর লাগাতার কখনও ভারী আবার কখনও মাঝারি বৃষ্টিতে জল জমতে শুরু করে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার নীচু ধান ও সবজির জমিগুলিতে।
কোথাও কোথাও জমা জলের স্তর এতটাই বৃদ্ধি পায় যে ধান ও সবজির গাছ সম্পূর্ণ জলে ডুবে যায়। অধিকাংশ জমির ধান ধরাশায়ী হয়ে পড়ে জমিতে। এমনিতে বাঁকুড়া জেলার অন্যতম সমৃদ্ধ ধান ও সবজি উৎপাদক অঞ্চল হিসাবে পরিচিত সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। সেই এলাকায় এভাবে নিম্নচাপ পাকা ধানে মই দেওয়ায় ব্যপক লোকসানের আশঙ্কায় প্রহর গুনছেন স্থানীয় কৃষকরা। তবে শুধু আমন ধানই নয়, এলাকার বিঘের বিঘে জমিতে ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, টমেটো সহ শীতকালীন সবজির গাছ জলের তলায় চলে যাওয়ায় লোকসানের বহর আরো বৃদ্ধির আশঙ্কা করছেন এলাকার সবজি চাষিরাও।
সরকারি ক্ষতিপূরণ না মিললে এই লোকসান সামাল দেওয়া কঠিন বলে দাবি স্থানীয় কৃষকদের। ক্ষতিগ্রস্থ কৃষকদের অবিলম্বে ব্লক প্রশাসনের মাধ্যমে ফসল বিমার ক্ষতিপূরণের আবেদন জানানোর পরামর্শ দিয়েছেন সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি।