
বাঁকুড়া: রাতের অন্ধকারে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা। ব্যাপক ভাঙচুর চালালো একদল দুস্কৃতী। বাড়ি ভাঙচুরের পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হল একটি চারচাকা গাড়িও। ঘটনা বাঁকুড়ার বড়জোড়া ব্লকের চান্দাই গ্রামের। ঘটনার খবর পাওয়ার পরই এদিন সকালেই আক্রান্ত পঞ্চায়েত প্রধানের বাড়িতে হাজির হয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপি নেতারা।
বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পখন্না গ্রাম পঞ্চায়েতের। সেখানকারই প্রধান মহসিনা বেগম। অভিযোগ, শুক্রবার রাতে তাঁর চান্দাই গ্রামের বাড়িতে চড়াও হয় একদল দুস্কৃতী। বাড়ির কাঁচের সমস্ত দরজা ও জানালা ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলা হয় বাড়ির দরজার তালা। ভিতরে ঢুকে বাড়ির ভিতরে কার্যত তাণ্ডব চালায় দুস্কৃতীরা। ব্যপক ভাঙচুর চালানো হয় পঞ্চায়েত প্রধানের একটি গাড়িতেও। ততক্ষণে বাড়ির লোকজন একেবারে ভয়ে সিঁটিয়ে গিয়েছেন।
ঘটনার সময় আক্রান্ত গ্রাম পঞ্চায়েত প্রধান স্থানীয় বিজেপি নেতাকে ফোন করলে ওই বিজেপি নেতার উদ্যোগেই তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তবে পুলিশ গ্রামে পৌঁছানোর আগেই চম্পট দেয় দুস্কৃতীরা। এদিকে ঘটনার পর এদিন সকালেই আক্রান্ত পঞ্চায়েত প্রধানের বাড়িতে পৌঁছে ওই পঞ্চায়েত প্রধানকে আশ্বস্ত করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। মহসিনা বেগম বলছেন, “ঘটনার সময় আমি বিজেপি নেতা বাপি গড়াইকে। ফোন করা মাত্রই ও পুলিশ পাঠায়। আজ সকালে এসে বলে আমার দলের কেউ থাকলে আমি ব্যবস্থা করব। থানাতেও জানাচ্ছি।”
আক্রান্ত পঞ্চায়েত প্রধান ঘটনার জন্য আবার বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুললেও তা মানতে নারাজ পদ্ম শিবির। ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ। বিজেপির ৩ নম্বর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় গড়াই পরিষ্কার বলছেন, এর সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয়।