ISIS ও আল-কায়েদার সঙ্গে যোগ? গভীর রাতে বাঁকুড়ার যুবককে তুলে নিয়ে গেল তেলেঙ্গানার পুলিশ

Militant links: ধৃত যুবকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিভিন্ন দেশবিরোধী প্রচারমূলক পোস্টও রয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা ৷ যার ভিত্তিতে গত ২৫ মার্চ গভীর রাতে বাঁকুড়ার খড়বন এলাকায় অভিযান চালায় এসটিএফের তদন্তকারীরা। বাড়ি থেকে গ্রেফতারের পর আসিফকে ওইদিনই খাতড়া মহকুমা আদালতে তোলা হয়।

ISIS ও আল-কায়েদার সঙ্গে যোগ? গভীর রাতে বাঁকুড়ার যুবককে তুলে নিয়ে গেল তেলেঙ্গানার পুলিশ
চাপানউতোর এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 27, 2026 | 8:46 PM

বাঁকুড়া: খাতড়া থানার খড়বন মোড় এলাকা থেকে জঙ্গি যোগের সন্দেহে মীর আসিফ আলি নামে ২০ বছরের এক যুবককে গ্রেফতার করল তেলেঙ্গানা পুলিশের এসটিএফ। স্থানীয় পুলিশের সহযোগিতায় এসটিএফ দু’দিন আগে তাঁর বাড়িতে তল্লাশি চালায়। তখনই তাঁকে আটক করা হয়। 

জানা গিয়েছে, আন্তর্জাতিক আইএসআইএস ও আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনে যুক্ত থাকার অভিযোগে সম্প্রতি তেলেঙ্গানায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ওই ৩ জনের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া ঘেঁটে আসিফের নাম জানতে পারে তদন্তকারীরা। ধৃত যুবকের এক্স হ্যান্ডেলে একে সিরিজের রাইফেল হাতে একটি ছবিও নজরে আসে তদন্তকারীদের। তবে প্রাথমিকভাবে অনুমান এআই এর সাহায্যে ওই ছবি তৈরি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল মীর আসিফ আলি। 

ধৃত যুবকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিভিন্ন দেশবিরোধী প্রচারমূলক পোস্টও রয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা ৷ যার ভিত্তিতে গত ২৫ মার্চ গভীর রাতে বাঁকুড়ার খড়বন এলাকায় অভিযান চালায় এসটিএফের তদন্তকারীরা। বাড়ি থেকে গ্রেফতারের পর আসিফকে ওইদিনই খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। বিচারকের নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে ট্রানজিট রিমান্ডে তেলেঙ্গানায় নিয়ে যায় তদন্তকারীরা।  

এদিকে, ধৃতের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পরিবারের দাবি, আসিফ নির্দোষ। এই ধরনের কোনও কাজের সঙ্গে তার যুক্ত থাকার বিষয়টি তাঁদের অজানা। পরিবার সূত্রে জানা গিয়েছে আসিফ উচ্চমাধ্যমিক পাশ করার পর বিভিন্ন ব্যবসার চেষ্টা করলেও সফল হয়নি। আর্থিক অনটনের কারণে পরবর্তীতে কাজের সন্ধানে আত্মীয়দের সঙ্গে ভিনরাজ্যে যায়। পরিবারের সদস্য়রা বলছেন, ২৫ মার্চ গভীর রাতে পুলিশ বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে তাকে তুলে নিয়ে যায়। তাঁর বাবা ও জেঠু ইতিমধ্যেই তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 

Follow Us