
বীরভূম: সামনেই বিধানসভা নির্বাচন। মাস ঘুরলেই ঘোষণা। এরইমধ্যে ফের বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা বীরভূমে। শনিবার দুপুরে কীর্ণাহার থানার অন্তর্গত কাজীপাড়া গ্রাম থেকে ১০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। ভোটের আগে বিপুল পরিমাণ এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার বেলা ১২টা নাগাদ গোপন সূত্রে তাদের কাছে বোমা মজুতের খবর আসে। সেই খবর পেয়ে কীর্ণাহার থানার পুলিশ কাজীপাড়া গ্রামে অভিযান চালায়। সেখানে একটি পুকুরের পাড়ে তল্লাশি চালানোর সময় একটি বালতি উদ্ধার হয়। সেই বালতির ভিতর থেকেই ১০টি তাজা বোমার দেখা পায় পুলিশ। বোমাগুলি উদ্ধারের পরেই সুরক্ষার খাতিরে ঘটনাস্থলটি ঘিরে ফেলে পুলিশ। খবর চলে যায় সিআইডি-র বম্ব স্কোয়াডে।
কে বা কারা, কী উদ্দেশ্যে নির্জন পুকুর পাড়ে এই বোমাগুলি মজুত করেছিল, তা এখনও জানা যায়নি। পুরোদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। একইসঙ্গে এর নেপথ্যে রাজনীতির কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ভোটের আগে এলাকায় অশান্তি ছড়াতেই দুষ্কৃতীরা কোনও ছক কষেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এলাকায় আরও কোনো বিস্ফোরক লুকানো রয়েছে কি না, তা নিশ্চিত করতে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।