Mamata Banerjee’s Niece Mystery Death: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ
Mamata Banerjee’s Niece Mystery Death: রামপুরহাটে নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মমতার মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়ের মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বৃষ্টি। জানা যাচ্ছে, স্বামীর সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল।

বীরভূম: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু। রামপুরহাটে মমতার মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়ের মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বৃষ্টি মুখোপাধ্যায়। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে কী কারণ, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির দোতলার ঘর থেকে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। রামপুরহাটের কুশম্বা গ্রামে বৃষ্টির বাপের বাড়ি অর্থাৎ মমতার মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়ের বাড়ি। কয়েক মাস ধরে তিনি বাপের বাড়িতেই থাকছিলেন বলে খবর। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সকালে তাঁকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করা হয়। দরজা না খোলায় থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।
এর আগে ২০২৩ সালের মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। বোলপুর হাইস্কুলে তৃতীয় শ্রেণির কর্মী বৃষ্টির নাম ‘অবৈধ’ ভাবে নিযুক্তদের তালিকায় ছিল। বছরখানেক আগে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারান বৃষ্টি। কয়েক মাস যাবৎ স্বামী-শ্বশুরবাড়ির সঙ্গেও তাঁর সম্পর্ক খারাপ হতে থাকে। বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। এক সন্তানকে নিয়ে তিনি বাপেরবাড়িতেই ছিলেন। পরিবার সূত্রে খবর, তিনি মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। আপাতত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
