HS Result 2026: কবে বের হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট? জানিয়ে দিলেন সংসদ সভাপতি

HS Result: পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই রাজ্যের একাধিক পরীক্ষা কেন্দ্রে ঘুরছেন সংসদ সভাপতি। এদিন ভিজিটে আসেন বীরভূমে। প্রথমে বোলপুরের একটি পরীক্ষা কেন্দ্রে যান। পরে সিউড়ির দু’টি পরীক্ষাকেন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ বিদ্যালয় এবং নেতাজী বিদ্যাভবনে যান।

HS Result 2026: কবে বের হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট? জানিয়ে দিলেন সংসদ সভাপতি
কী বলছেন সংসদে সভাপতি? Image Credit source: TV 9 Bangla GFX & Gemini

| Edited By: জয়দীপ দাস

Feb 13, 2026 | 3:57 PM

সিউড়ি: মাধ্যমিক শেষ। এবার পুরোদমে শুরু হয়ে গিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এবারের উচ্চমাধ্যমিক। চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু রেজাল্ট কবে? সংসদ সূত্রে খবর, যত দ্রুত সম্ভব রেজাল্ট বের করার তোড়জোড় করা হচ্ছে। ৫০ দিনের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সিউড়িতে এসে বললেন উচ্চমাধ্যমিক কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।  

পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই রাজ্যের একাধিক পরীক্ষা কেন্দ্রে ঘুরছেন সংসদ সভাপতি। এদিন ভিজিটে আসেন বীরভূমে। প্রথমে বোলপুরের একটি পরীক্ষা কেন্দ্রে যান। পরে সিউড়ির দু’টি পরীক্ষাকেন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ বিদ্যালয় এবং নেতাজী বিদ্যাভবনে যান। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ সম্ভাব্য ফলাফলের দিনক্ষণের বিষয়ে জানান সংসদ সভাপতি। 

এবার রাজ্যজুড়ে মূলত তিন ধরনের উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে। রেগুলার পড়ুয়াদের সেমিস্টার ৪, একইসঙ্গে চলছে সেমিস্টার ৩ এর সাপ্লিমেন্টারি, পাশাপাশি পুরনো পদ্ধতির উচ্চমাধ্যমিকও চলছে। গোটা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১। ছাত্রদের থেকে বেশি ছাত্রীদের সংখ্যা। 

অন্যদিকে সমস্ত পরীক্ষা কেন্দ্রেই কড়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। জোরকদমে চলছে চেকিং। মাঠে নেমেছে পুলিশ। রাস্তায় যাতে যান চলাচল স্বাভাবিক থাকে সেদিকেও সর্বদা নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে। কলকাতায় তৎপর ট্র্যাফিক পুলিশও। উচ্চমাধ্যমিক পরীক্ষায় যাতে যানজটের সমস্যার জন্য পরীক্ষার্থীদের কোনও বেগ পেতে না হয় সেদিকে সদা নজর রাখা হচ্ছে। পরীক্ষার সময়ে কোন ভারী যান চলাচল করবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের তরফে।