
চন্দননগর: আকভানের প্রভাবে ভাসছে বাংলাও। লাগাতার বৃষ্টি ছন্দ কাটল চন্দননগরের জগদ্বাত্রী পুজোর শোভাযাত্রাতেও। প্রাকৃতিক দুর্যোগের জেরে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। আজ নয়, রবিবার সন্ধ্যায় হবে সেই ঐতিহ্যবাহী শোভাযাত্রা।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দশমীর সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে। চন্দননগরেও সকাল থেকে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। আর তার জেরেই নিরাপত্তার কথা মাথায় রেখে দশমীতে হচ্ছে না শোভাযাত্রা।
প্রসঙ্গত, প্রতি বছর দশমীর সকাল থেকেই বিসর্জনের প্রস্তুতি দেখা যায়। মন্ডপে মন্ডপে চলে জগদ্ধাত্রী বরণ থেকে সিঁদুর খেলা। যে সমস্ত বারোয়ারি শোভাযাত্রার অংশগ্রহণ করে না, তারা এদিন সকাল থেকেই গঙ্গায় প্রতিমা বিসর্জন করে। কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে দশমীতে হচ্ছে না সেই বিসর্জন থেকে শোভাযাত্রা।
দশমীর সকালে চন্দননগর জগদ্ধাত্রী পূজা কেন্দ্রীয় কমিটি তাদের অধীনে থাকা ১৮০টি বারোয়ারিকে নিয়ে মিটিং করে। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং যাতে কোনও রকম অঘটন না ঘটে, সেই চিন্তা করে দশমীতে বিসর্জন বা শোভাযাত্রা- কিছুই হবে না। তার বদলে শোভাযাত্রা হবে রবিবার সন্ধ্যায়।
চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ জানান, আগামী ২২ নভেম্বর রবিবার হবে চন্দননগরের শোভাযাত্রা। আজকের শোভাযাত্রা বাতিলের পিছনে কারণ ব্যাখ্যা করে তিনি জানান যে শোভাযাত্রায় প্রতিমা ছাড়াও আলোক সজ্জার গাড়ি থাকে। বৃষ্টিতে কোনওরকমভাবে যাতে শর্ট সার্কিট হয়ে দুর্ঘটনা না ঘটে, তার জন্য শোভাযাত্রা স্থগিত রাখা হল।
কেন্দ্রীয় কমিটির সম্পাদক শুভজিৎ সাউ বলেন, “আমরা খুব অল্প সময়ের নোটিসে ১৮০টি বারোয়ারিকে ডেকে পাঠিয়েছিলাম। সকলে মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শোভাযাত্রা হবে না। তাই শোভাযাত্রা পিছিয়ে দেওয়া হল।”
শনিবার আবহাওয়ার উন্নতি হলে যারা দিনের বেলায় বিসর্জন করে, তারা বিসর্জন দিতে পারবেন। সন্ধ্যা ৬টা থেকে হবে শোভাযাত্রা।
তবে দু’দিন পিছিয়ে যাওয়ার কারণে বেশ কিছুটা খরচের বোঝা বইতে হবে বারোয়ারিগুলোকে। সেই বিষয়ে বিদ্যুতের সংস্থাগুলোকে আবেদন করা হয়েছে যাতে বিদ্যুতের বিলে কিছুটা ছাড় দেওয়া হয়। উল্লেখ্য, এই বছর বিদ্যুতের বিলের ৪০ শতাংশ নিচ্ছে না সংস্থাগুলি। যেহেতু রাস্তার সমস্ত আলোর গেট খুলে ফেলা হয়েছে, তাই যাতে রাস্তা অন্ধকার না হয়ে যায় এবং দুইদিন মন্ডপে প্রতিমা থাকায়, রাস্তায় কিছুটা আলোর ব্যবস্থাও করতে বলা হয়েছে। সিসি ক্যামেরা যেমন আছে, সেই রকমই থাকবে বলে মনে হয়।