
কোচবিহার: হাসিনা প্রত্যর্পণ থেকে সীমান্ত সমস্যা, একাধিক ইস্যুতে অস্বস্তি! স্থগিত ভারত-বাংলাদেশ কনসুলার বৈঠক। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ফের অস্বস্তির ইঙ্গিত। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই দেশের পঞ্চম কনসুলার বৈঠক । কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক স্থগিত রাখা হয়েছে। কবে এই বৈঠক হবে, তা এখনও স্পষ্ট নয়।
কূটনৈতিক মহলের নজর এখন বৈঠক স্থগিতের পেছনে কারণগুলির দিকে। একাধিক বিষয়কে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই দিল্লি ও ঢাকার সম্পর্কে টানাপোড়েন চলছে। তার মধ্যে অন্যতম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি। বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং তাঁকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে দেশে ফিরিয়ে আনা আবশ্যক। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে যে প্রত্যর্পণের বিষয়টি আইন ও ন্যায়বিচার এবং বিদ্যমান আইনি পর্যালোচনার ওপর নির্ভরশীল।
এছাড়াও সীমান্তে অনুপ্রবেশ, পুশ-ইন অভিযোগ, বিএসএফের ভূমিকা, ভিসা পরিষেবা এবং দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবর্তন নিয়ে মতপার্থক্য রয়েছে। বাংলাদেশের মৎস্যজীবীদের আটক ও প্রত্যাবর্তন এবং আইনি সহযোগিতার বিষয়গুলিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হওয়ার কথা ছিল।
অন্যদিকে, ১৯৯৬ সালের গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। নতুন চুক্তি নিয়ে আলোচনা এবং তিস্তার জলবণ্টন ইস্যুও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাদেশের দিল্লি হাইকমিশনের এক আধিকারিকের বক্তব্য, বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সব মিলিয়ে, কূটনৈতিক স্তরে আলোচনা পিছিয়ে যাওয়ায় ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।