
রিয়া নমো দাসের রিপোর্ট
কোচবিহার: কপালে সিঁদুরের ফোঁটা,পরনে সাধুর পোশাক। চায়ের দোকানে বসে চুমুক দিতে গিয়েছিলেন। অপরিচিত মুখ দেখেই সন্দেহ হয়েছিল। এরপরই কথাবার্তার অসঙ্গতি দেখে থানায় খবর যায়। তখনই ওই ‘সাধুর’ আসল তথ্য সামনে আসল। সাধুর ছদ্মবেশ ধরে ভারতে প্রবেশের অভিযোগ। ভানুকুমারী থেকে গ্রেফতার এক বাংলাদেশি। জানা যাচ্ছে, সাধুর বেশ ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াত অভিযুক্ত। অবশেষে কোচবিহারের তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারীতে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পুলিশের জালে ধরা পড়লেন পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি।
শুক্রবার তাঁকে বক্সিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁর ভারতে প্রবেশ এবং এত দিন ধরে এ দেশে থাকার বিষয়টি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভানুকুমারীর ভোলানাথ মোড়ের একটি চায়ের দোকানে সাধুর বেশে বসেছিলেন ওই ব্যক্তি। কপালে সিঁদুরের ফোঁটা, পরনে সাধুর পোশাক। চায়ে চুমুক দিতে দিতে নিজের মনে বসেছিলেন তিনি। এলাকায় অপরিচিত মুখ দেখে প্রথমে সন্দেহ হয় দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের। এরপর তাঁকে পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা।
বাসিন্দাদের দাবি, কথাবার্তায় একাধিক অসংগতি ধরা পড়ায় সন্দেহ আরও জোরালো হয়। এরপর তাঁকে আটক করে বক্সিরহাট থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে।