
কোচবিহার: অসম-বাংলা সীমান্তে যাত্রীবাহী বাস থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, অসম থেকে বাংলায় প্রবেশের সময় ওই বাসে তল্লাশি চালানো হয়। সেইসময় একটি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশ আধিকারিকদের। অসম-বাংলা সীমান্ত লাগোয়া বক্সিরহাটের ভাঙা পাকরি নাকা চেকিং পয়েন্টে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বক্সিরহাটের সীমান্তে বাংলায় ঢোকার সময় বাসটিতে তল্লাশি চালায় বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, তল্লাশি চলাকালীন বাসের ভিতর থেকে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করেন পুলিশকর্মীরা। ব্যাগ খুলতেই দেখা যায় থরে থরে সাজানো রয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। পুলিশ সূত্রে খবর, মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে।
ব্যাগটির মালিকানা কেউ দাবি করেননি। ঘটনার পর বাস চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এত বিপুল পরিমাণ টাকা কার, কোথা থেকে তা নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া, এর সঙ্গে কোনও বেআইনি লেনদেনের যোগ রয়েছে কি না এবং টাকার প্রকৃত মালিক কে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অসম থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।