
রিয়া নমো দাসের রিপোর্ট
কোচবিহার: দশমীর পর একাদশী, চলছে প্রতিমা নিরঞ্জন। ঘাটে-ঘাটে চলছে সেই প্রক্রিয়া। এরই মধ্যে কোচবিহারে (Coochbehar) অঘটন। তুফানগঞ্জে প্রতিমা নিরঞ্জনের সময় কাঠামো ভেঙে পড়ল পুরসভার অস্থায়ী কর্মীদের উপর। ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এখানেই শেষ নয়, দিনহাটাতেও দুর্ঘটনা ঘটেছে। নিরঞ্জনের সময় ২ জন অস্থায়ী কর্মীর উপর প্রতিমার কাঠামো ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশমীর রাতে তুফানগঞ্জ ‘নিউ টাউন বারোয়ারির’ দুর্গা প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বিসর্জন ঘাটে প্রতিমা নামানোর সময় আচমকাই ভারসাম্য হারিয়ে ভেঙে পড়ে গোটা প্রতিমাটি। ঘটনাকে কেন্দ্র করে সেখানে উপস্থিত দর্শনার্থী ও পুজো উদ্যোক্তাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তবে প্রতিমার নিচে কেউ চাপা পড়েননি বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পুজো কমিটির সদস্য ও প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
অন্যদিকে, দিনহাটা পুরসভার অন্তর্গত থানাপাড়ার দিঘিতে ‘মা মহামায়া পাটের দুর্গা’ প্রতিমা বিসর্জনের সময় ঘটে আরেকটি দুর্ঘটনা। প্রতিমাটি উল্টে পড়ে যাওয়ায় আহত হন দুই পুরকর্মী, রতন রায় ও বিশ্বজিৎ বর্মন। আহত দু’জনকে অ্যাম্বুল্যান্সে করে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
বিজয়া দশমীর রাতে পরপর এই দুই ঘটনায় বিসর্জন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার দুই এলাকায়।