Gas Crisis: গ্যাসের আকাল চরমে! হাহাকার জেলায় জেলায়, সিউড়ি থেকে পুরুলিয়ায় পথ অবরোধে গ্রাহকদের

Gas Crisis in Bengal: শনিবার সকালে বীরভূমের সিউড়ি শহরের রবীন্দ্র পল্লী এলাকায় এক গ্যাস সরবরাহকারী সংস্থার অফিসের সামনে ব্যাপক উত্তজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাজার চেষ্টা করার পরেও কিছুতেই তাঁরা গ্যাস বুকিং করতে পারছেন না। তাঁদের দাবি, অন্যান্য ডিলারদের কাছে বুকিং প্রক্রিয়া সচল থাকলেও এই অফিসে কোনও অজ্ঞাত কারণে বুকিং নেওয়া হচ্ছে না।

Gas Crisis: গ্যাসের আকাল চরমে! হাহাকার জেলায় জেলায়, সিউড়ি থেকে পুরুলিয়ায় পথ অবরোধে গ্রাহকদের
ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 14, 2026 | 12:35 PM

সিউড়ি-পুরুলিয়া: রান্নার গ্যাসের দাবিতে এবার রণক্ষেত্রের চেহারা নিল বীরভূম ও পুরুলিয়ার একাধিক এলাকা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, এমনকি করা যাচ্ছে না বুকিংও, এই অভিযোগে শনিবার সকাল থেকে চলল বিক্ষোভ, পথ অবরোধে গ্রাহকরা। চরম ভোগান্তির মুখে নিত্যযাত্রীদের।

শনিবার সকালে বীরভূমের সিউড়ি শহরের রবীন্দ্র পল্লী এলাকায় এক গ্যাস সরবরাহকারী সংস্থার অফিসের সামনে ব্যাপক উত্তজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাজার চেষ্টা করার পরেও কিছুতেই তাঁরা গ্যাস বুকিং করতে পারছেন না। তাঁদের দাবি, অন্যান্য ডিলারদের কাছে বুকিং প্রক্রিয়া সচল থাকলেও এই অফিসে কোনও অজ্ঞাত কারণে বুকিং নেওয়া হচ্ছে না। এদিকে বাড়িতে গ্যাস শেষ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কয়েকশো পরিবার। তাতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। ওই অফিসের সামনে শুরু হয়ে যায় রাস্তা অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিউড়ি থানার পুলিশ। পুলিশের আশ্বাসে আপাতত পথ অবরোধ উঠলেও গ্যাস অফিসের সামনে এখনও প্রচুর মানুষের জমায়েত রয়েছে। 

অন্যদিকে, প্রায় একই ছবি ধরা পড়েছে পুরুলিয়া শহরেও। শহরের এইচপি গ্যাসের এক ডিলারের গোডাউনের সামনে সকাল থেকেই খালি সিলিন্ডার নিয়ে ভিড় জমান গ্রাহকরা। দীর্ঘ সময় অপেক্ষার পর কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয় আজ কোনওভাবেই গ্যাস পাওয়া যাবে না। এই খবর চাউর হতেই উত্তেজিত গ্রাহকরা জে কে কলেজ রোডে অবরোধ শুরু করে দেন। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। আটকে পড়ে বহু যাত্রীবাহী বাস, ছোট গাড়ি। বর্তমানে দুই জেলাতেই উত্তেজনা রয়েছে। পুলিশের তরফ থেকে গ্যাস ডিলারদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

Follow Us