
বালুরঘাট: বিজেপি ক্ষমতায় আসলে মাছমাংস খাওয়া বন্ধ করবে, তৃণমূল এই প্রচারই চালাচ্ছে রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী প্রচারে গিয়ে একাধিকবার বলতে শোনা গিয়েছে, বিজেপি এলে বাংলায় মাছ-মাংস খাওয়া বন্ধ করবে, কে কী পরবে সেটা ঠিক করে দেবে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে মাছ মাংস খাওয়া বন্ধ করবে না। রাজ্যে মাছ মাংস বিক্রি বাড়বে। বুধবার সকালে বালুরঘাট শহরের তহবাজারে নির্বাচনী প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
বুধবার তহ বাজারের মাছ-মাংস বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়-কে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার সারেন সুকান্ত মজুমদার। প্রচারে বেরিয়ে মাছ, মাংস বিক্রেতা ও ক্রেতাদের মাছ মাংস খাওয়া নিয়ে তৃণমূল যে অপপ্রচার চালাচ্ছে তার ব্যাখ্যা সুকান্ত মজুমদার করেন। তিনি বলেন, “আমাদের সরকার ত্রিপুরাতে আছে, সেখানকার বাঙালিরা মাছ খাওয়ায় বাংলার বাঙালিদের গোল দিয়েছে। এই সব নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন।”
যদিও, সুকান্ত মজুমদারের মাছ, মাংস বাজারে প্রচার করাকে কটাক্ষ করতে ছাড়নি তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, বিজেপি যেসব রাজ্যে ক্ষমতা রয়েছে সেখানে মাছ-মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাই সেই সব ঘটনা প্রলেপ দিতেই হয়ত মাছ-মাংস-এর বাজারে যেতে হচ্ছে সুকান্ত মজুমদারকে।
নির্বাচনী প্রচারে বেরিয়ে সাধারণ মানুষদের সঙ্গে কথা বললেন সুকান্ত মজুমদার। এছাড়াও বিজেপির প্রার্থী বালুরঘাটের ভূমিপুত্র সেই বিষয়টিও তুলে ধরেন তিনি। এছাড়াও প্রার্থীর পরিচয় বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সামনে তুলে ধরেন সুকান্ত মজুমদার। এবং সাধারণ মানুষের অভয় দেন যে আপদে বিপদে বিজেপির বিধায়ক ও সংসদকেই সাধারণ মানুষ কাছে পাবেন। এমনকী, বালুরঘাটে তৈরি হওয়া এয়ারপোর্ট নিয়েও সরব হন সুকান্ত মজুমদার। কারণ নির্বাচনী প্রচারের জন্য দলের পক্ষ থেকে একটি জেড বিমান ভাড়া করা হয়েছিল। কিন্তু বালুরঘাটে বিমান বন্দরে সঠিক পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ না থাকার কারণে প্লেন নামতে পারছে না। বিজেপি ক্ষমতায় এলে বালুরঘাট বিমানবন্দর চালু করা হবে বলেও সুকান্ত আশ্বাস দেন।