
কুমারগঞ্জ: তপ্ত দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, বিজেপি এজেন্টকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। ওয়াররুম থেকে বিজেপি প্রার্থীর সঙ্গে ফোনে কথা বললেন সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই এই ঘটনায় জেলা শাসক ও জেলা ফোর্স কো-অর্ডিনেটরের কাছে রিপোর্ট চাইল কমিশন।
একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে বুথের বাইরে মাঠের ধারে একটি সরু আলপথ দিয়ে হেঁটে আসছিলেন বিজেপি প্রার্থী। তাঁকে প্রায় দশ বারো জন ঘিরে ধরেন। তাঁর ওপর চড়াও হতে দেখা যায়। চলতে থাকে কিল চড়। একজন ঘুষিও মারেন। সে সময়ে একজন উর্দি পরিহিত পিছন থেকে দৌড়ে আসেন। বিজেপি প্রার্থীকে পিছন থেকে জাপটে তাঁকে গার্ড করার চেষ্টা করেন। কিন্তু তাঁর হাতের ওপর দিয়েও ঘুষি মারতে থাকেন এক-দু’জন।
পরে বিজেপি প্রার্থীকে আগলে নিয়ে একেবারে দৌড়ে মাঠ ধরে ওপরপ্রান্তে নিয়ে যেতে দেখা যায় ওই ব্যক্তিকে। কিন্তু সে সময়ে কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দেখতে পাওয়া যায়নি। তবে বিজেপি প্রার্থীর কথায়, কেন্দ্রীয় বাহিনী বুথের সামনে ও ভিতরে ছিলেন। তবে জানা যায়, উদ্ধারকারী তাঁর পার্সোনাল সিকিউরিটি।
বিজেপি প্রার্থী অভিযোগ করেন, দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার নিরপেক্ষভাবে কাজ করছেন না। একাধিকবার অভিযোগ জানানো হয়েছে, কোনও পদক্ষেপ করা হয়নি। গাড়িও ভাঙচুর করা হয়েছে। যদিও তৃণমূলের বক্তব্য, এরকম কোনও ঘটনাই ঘটেনি। একাধিক জায়গায় বিজেপি বুথে এজেন্ট বসানোর লোক পাচ্ছে না, তাই নাটক করছে।
ভোটের যাবতীয় খবর দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
LIVE TV দেখতে এই লিঙ্কে ক্লিক করুন