West Bengal Elections 2026 Phase 1 Voting: রেকর্ড ভোটদান, ৯১ শতাংশ ভোট পড়ল প্রথম দফার নির্বাচনে
West Bengal Assembly Election 2026, First Phase Voting Updates: ভোটবঙ্গে আজ মহারণের প্রথম দফার ভোট গ্রহণ। ১৬ জেলায় ১৫২টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। গোটা উত্তরবঙ্গে আজ যেমন ভোটগ্রহণ হবে, তেমনই জঙ্গলমহল ও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলায়।

ভোটবঙ্গে আজ মহারণের প্রথম দফা। আজ ভোট গ্রহণ ১৬ জেলায় ১৫২টি বিধানসভা আসনে (West Bengal Assembly Election 2026)। গোটা উত্তরবঙ্গে আজ যেমন ভোটগ্রহণ হবে, তেমনই জঙ্গলমহল ও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলায়। এই প্রতিটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল কংগ্রেস (TMC), বিজেপি (BJP)-র। বেশ কিছু জায়গায় কংগ্রেসেরও দখল আছে। নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, তার জন্য বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এবারের নির্বাচনে প্রথম নিয়ম তৈরি করা হয়েছে যেখানে বুথের মধ্যে ১০০ মিটারের লক্ষণরেখা থাকবে। সেখানে শুধুমাত্র ভোটাররাই দাঁড়াতে পারবেন।
LIVE NEWS & UPDATES
-
পশ্চিমবঙ্গের ভোটারদের ধন্যবাদ মুখ্য নির্বাচন কমিশনারের
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। মনোজ আগারওয়াল বলেন, “স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সর্বোচ্চ ভোট পড়েছে এবছর। দুই রাজ্যের ভোটারদেরই ধন্য়বাদ।
-
ভোটের পরে উত্তপ্ত নন্দীগ্রাম
প্রথম দফার নির্বাচনে হটস্পট ছিল নন্দীগ্রাম। এদিন, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া নন্দীগ্রামে সেভাবে অশান্তির খবর পাওয়া যায়নি। তবে, ভোট মিটতেই উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রামের রতনপুর। ইভিএম ভর্তি বাস আটকে রেখে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী-সমর্থকরা। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের আটকে রাখার অভিযোগ উঠেছে। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকেরা ইভিএম মেশিন নেওয়ার জন্য ঢুকেছিল। কমিশনের লোক সেজে বুথে ঢুকেছিল তারা।
-
-
লাভপুরে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ
ফের বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। লাভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ ওঝাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, কীর্ণাহার থানার কাজীপাড়ার ২৩৭ নম্বর বুথে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে মারধর করা হয় এবং তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
-
বহরমপুরে অশান্তি, কংগ্রেস এজেন্টকে মারধর, হাসপাতালে পাঠালেন অধীর চৌধুরী
ভোটে অশান্তি বহরমপুরে। কংগ্রেসের এজেন্টকে মারধরের অভিযোগ উঠল। বহরমপুরের ১ নং বুথে আক্রান্ত হন কংগ্রেসের এজেন্ট। ছেলেকে বাঁচাতে গেলে বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বাবা-ছেলেকে হাসপাতালে পাঠালেন অধীর চৌধুরী।
-
আসানসোলে ভোট দিলেন শত্রুঘ্ন সিনহা
- আসানসোল উত্তর বিধানসভার ২৮১/৩৮ নম্বর বুথে ভোট দিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।
- ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ভালো ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। আরও ভালো রেজাল্ট করবে তৃণমূল কংগ্রেস।
-
-
রেকর্ড ভোটদান, বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ
- ভোটবঙ্গে রেকর্ড ভোটদান। ২০১১-কে ছাড়িয়ে গেল ২০২৬। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৮৯.৯৩ শতাংশ।
- সবথেকে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে। প্রায় ৯৩.১২ শতাংশ ভোট পড়েছে।
-
বিজেপি প্রার্থীকে বুথে ঢুকে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
- তপনের বিজেপি প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তপন বিধানসভা কেন্দ্রের মুরারিপুর এফপি স্কুল ৪৩ নং বুথের ঘটনা।
- অভিযোগ, এদিন বেলা তিনটে নাগাদ মুরারীপুরে তৃণমূলের লোকেরা জমায়েত হয়ে বিজেপি সমর্থকদের হুমকি দেয়। খবর পেয়ে বিজেপি প্রার্থী বুধড়াই টুডু ঘটনাস্থলে পৌঁছয়। তারপর ঘটনাস্থলে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওযানরা তাঁকে বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ।
- প্রার্থীর সঙ্গে থাকা সিআইএসএফ জওয়ানরা ঘটনার প্রতিবাদ করলে দুই তরফের মধ্যে শুরু হয় বচসা। বুথে ঢুকতে বাধা ও অসম্মান করার অভিযোগে নির্বাচন কমিশনের কাছে মোবাইলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী।
-
ডেবরায় ৮ বিজেপি কর্মী গ্রেফতার, কেন?
- নির্বাচনের আবহে ফের উত্তেজনা পারদ চড়ল পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই ৮ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়ায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে।
- জানা গিয়েছে, হঠাৎ করেই পুলিশ ওই বিজেপি কর্মীদের আটক করে নিয়ে যায়। এর প্রতিবাদে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তন্ময় দাসের নেতৃত্বে বিজেপি কর্মীরা ডেবরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, পরিকল্পিতভাবে এবং অযৌক্তিক কারণে এই গ্রেফতারি চালানো হয়েছে।
-
নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ
- নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। নন্দীগ্রামে ১ ব্লকের ভেকুটিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি রাখহরি ঘড়ার উপরে হামলার অভিযোগ।
- তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আচমকাই তৃণমূলের ওই নেতার উপর হামলা করে। রীতিমতো রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে নন্দীগ্রাম হাসপাতালে।
-
পিংলার ৯ নম্বর বুথের সব ভোটকর্মীদের সাসপেন্ড করল নির্বাচন কমিশন
- পিংলার ৯ নম্বর বুথের সব ভোটকর্মীদের সাসপেন্ড করল নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার-সহ সব ভোটকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
- জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ৯ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার-সহ সব কর্মী একসঙ্গে লাঞ্চ করতে বুথ ছেড়ে বেরিয়ে যান। বুথ থেকে নিরাপত্তা কর্মীরা তাঁদের ফোন করলে বলা হয় তাঁরা বাইরে রয়েছেন। পরে আসছেন। সেক্টর অফিসারও বাইরে ছিলেন বলে খবর।
- খবর পাওয়া মাত্র পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিককে গোটা ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়। ওই বুথের প্রিসাইডিং অফিসার সহ সব ভোট কর্মীকে সাসপেন্ড করে রিজার্ভ পোলিং পার্টি থেকে কাজ চালানোর নির্দেশ দিল কমিশন।
-
খয়রাশোলে জনতা-কেন্দ্রীয় বাহিনী খণ্ডযুদ্ধ
- খয়রাশোলে জনতা-কেন্দ্রীয় বাহিনী খণ্ডযুদ্ধ। ইভিএমে তৃণমূল প্রার্থীর জন্য নির্দিষ্ট বোতামে চাপ দিলে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। এই অভিযোগেই বিক্ষোভ শুরু হয় দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামের ৬৫ নম্বর বুথে।
- ভোটারদের অভিযোগ, প্রথমে ২০০-র মতো ভোটদান হওয়ার পর বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, তৃণমূল প্রার্থীর বোতামে চাপ দিলে তা সরাসরি বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে।
- ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। ভোট বন্ধ করে দেওয়ার দাবি তোলেন ভোটাররা। কিছুক্ষণের মধ্যেই ভোট বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অভিযোগ, তারপরই জওয়ানদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন স্থানীয়রা। লাঠি উঁচিয়ে তেড়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনায় জখম হয়েছেন দুই-চার জন জওয়ান ও গাড়ির চালক। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী।
-
বিএলও-কে মারধরের অভিযোগ
- বিএলও-কে মারধরের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় বিধানসভার রায়পুর পশ্চিম বুথে ভোটগ্রহণ চলাকালীন ওই মহিলা বি.এল.ও-কে মারধরের অভিযোগ উঠেছে।
- আক্রান্ত মহিলার অভিযোগ, ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করার সময় হঠাৎই রায়পুর পশ্চিম বুথের ভোটার অলক জানা তাঁর উপর হামলা চালান বলেন অভিযোগ।
-
ভোট দিলেন শিশির অধিকারী
- ভোট দিলেন কাঁথির প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। নাতনি তিয়ান অধিকারীকে সঙ্গে ভোটকেন্দ্র পৌঁছন তিনি।
- ভোট দিয়ে বেরিয়ে শিশির অধিকারী বলেন, “ভালো ভোট হচ্ছে। অল্পস্বল্প অশান্তির ঘটনা ঘটেছে। তবে, নির্বাচন কমিশন যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পালনের চেষ্টা করছেন। গতবারের নির্বাচনগুলির তুলনায় অনেক কম অশান্তি হয়েছে।”
-
দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল ৭৮.৭৭ শতাংশ
- পশ্চিমবঙ্গের প্রথম দফা নির্বাচনে দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল ৭৮.৭৭ শতাংশ।
- সবথেকে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে। ৮১.৪৯ শতাংশ ভোট পড়েছে।
- ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে।
-
বিকেল ৪ টের পর ঝামেলার আশঙ্কা মুর্শিদাবাদ, কোচবিহারে, সতর্ক থাকার নির্দেশ কমিশনের
- মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূমে বিকেল চারটের পর ঝামেলার আশঙ্কা। সতর্ক করল নির্বাচন কমিশন।
- কমিশনের আশঙ্কা, বুথ জ্যামিং করতে এলাকা দখল নিতে পারে দুষ্কৃতীরা। খবর পেয়ে এখন থেকে কেন্দ্রীয় বাহিনীকে তৈরি থাকার নির্দেশ। বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিল কমিশন।
-
পটাশপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ
- বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। পটাশপুর বিধানসভার টেপরপাড়া এলাকার ৩৯ নং বুথে প্রানকৃষ্ণ সাহু নামে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
- গুরুতর আহত ওই বিজেপি কর্মী বর্তমানে পটাশপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।
-
অগ্নিমিত্রা পালের গাড়ি ‘ভাঙচুর’
- আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ।
- বিজেপি প্রার্থী বলেন, “আমি রহমত নগরে গিয়েছিলাম। সেখানে পর্যবেক্ষণ করছি। রহমত নগর হাইস্কুলে ঢুকলাম। যেই মুহূর্তে গাড়িতে উঠলাম সঙ্গে-সঙ্গে পাথর ছুড়তে শুরু করল।”
- থানায় অভিযোগ করবেন অগ্নিমিত্রা পাল। ইতিমধ্যেই থানায় পৌঁছে গিয়েছেন বিজেপি প্রার্থী।
বিস্তারি পড়ুন: রহমত নগরে গাড়িতে সবে উঠেছেন অগ্নিমিত্রা, পরপর পড়তে শুরু করল পাথর
-
চোপড়ায় বিজেপি ও কংগ্রেসের প্রতীকে চুন
- চোপড়ায় ১৯১ নম্বর বুথে ইভিএমে বিজেপি ও কংগ্রেসের প্রতীকে চুন লাগিয়ে দেওয়ার অভিযোগ।
- ঘটনাস্থলে কংগ্রেস প্রার্থী জাকির আবেদিন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। আপাতত ভোট বন্ধ রয়েছে।
-
মালদহে হবিবপুরে ইভিএম বিকল
- দুই দুইবার ইভিএম বিকল। ফের বন্ধ মালদহের হবিবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যম কেন্দুয়া প্রাথমি বিদ্যালয়ের ২৩৮ নম্বর বুথের ভোটগ্রহণ।
- ভোটাররা বিরক্ত এই ঘটনায়। ভোট দিতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাদের।
-
দুপুর ১টা পর্যন্ত কত ভোট পড়ল?
- দুপুর একটা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ।
- কোন জেলায় কত ভোট পড়ল-
- ঝাড়গ্রাম- ৬৫.৩১ শতাংশ
- কালিম্পং- ৫৯.৫২ শতাংশ
- মালদহ- ৫৮.৪৫ শতাংশ
- মুর্শিদাবাদ -৬২.৭১ শতাংশ
- পশ্চিম বর্ধমান- ৬০.৩৭ শতাংশ
- পশ্চিম মেদিনীপুর- ৬৫.৭৭ শতাংশ
- পূর্ব মেদিনীপুর- ৬২.৯০ শতাংশ
- পুরুলিয়া -৫৯.৮৩ শতাংশ
- উত্তর দিনাজপুর -৬০ শতাংশ
- আলিপুরদুয়ার -৬০.০৩ শতাংশ
- বাঁকুড়া- ৬৪.৫৮ শতাংশ
- বীরভূম -৬৩.৯৩ শতাংশ
- কোচবিহার -৬০.৭৫ শতাংশ
- দক্ষিণ দিনাজপুর -৬৩.০৫ শতাংশ
- দার্জিলিং- ৫৯.৮১ শতাংশ
- জলপাইগুড়ি- ৬০.৮৪ শতাংশ
-
ভোট দিতে গিয়ে হতবাক বৃদ্ধা
- ভোট দিতে গিয়ে হতবাক বৃদ্ধা। ভোট না দিয়েই ফিরে আসতে হয়, কারণ তাঁর ভোট নাকি ইতিমধ্যে হয়ে গিয়েছে, অথচ তিনি ভোটই দেননি।
- দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের দুর্গাপুরের বেনাচিতি হাইস্কুল ১৫ নম্বর ওয়ার্ড যার বুথ নম্বর ৮৬-র ঘটনা। ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতা অধিকারী ভোটকেন্দ্রে ভোট দিতে এসে জানতে পারেন, তাঁর ভোট নাকি হয়ে গিয়েছে। ভোট কেন্দ্র থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।
- ঘটনা জানাজানি হওয়ার পর তৃণমূল প্রার্থী কবি দত্ত ভোটকেন্দ্রে পৌঁছান। ভোটারের সঙ্গে কথা বলে জানতে পারেন সবটা। এই ভোট নিয়ে নির্বাচন কমিশনকে দায়ী করেন তিনি।
-
সিউড়িতে ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু
- বীরভূমের সিউড়িতে ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু এক ভোটারের।
- জানা গিয়েছে, সিউড়ির ডাঙালপাড়ার বাসিন্দা অসীম রায় (৬৬) ভোট দিতে যাচ্ছিলেন। তাঁর ভোট কেন্দ্র ছিল সিউড়ির নেতাজী স্কুল। ভোট দিতে যাওয়ার সময় রাস্তায় পড়ে যান, তাঁকে সিউড়ি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
- জানা গিয়েছে, আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল তাঁর।
-
সুদে আসলে তুলে নিয়েছি: শুভেন্দু
- ভোট নিয়ে খুশি বিজেপি নেতা তথা নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী।
- তিনি বলেন, ইতিমধ্যেই 60 শতাংশ ভোট হয়েছে। বুঝতেই পারছেন কী হচ্ছে।
- কোনও হিন্দু বাড়ি বাকি নেই। সবাই ভোট দিচ্ছে। গুন্ডারা সব সাইজ হচ্ছে। বাকিটা ৪ তারিখ। আরং ধোলাই হবে।
-
মালদহে বিজেপির এজেন্টকে মার, ভর্তি হাসপাতালে
- মালদহের চাঁচল বিধানসভার ২২১ নম্বর বুথে বিজেপির এক ইলেকশন এজেন্টের ওপর হামলার অভিযোগ।
- অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে হামলা করে এবং তাঁর গাড়ি ভাঙচুর করে। এমনকী, তাঁর পরনের পাঞ্জাবিও ছিঁড়ে দেওয়া হয়।
- গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।
-
কোতুলপুরে তৃণমূলের ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দিল কেন্দ্রীয় বাহিনী
- কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠল বাঁকুড়ার কোতুলপুর বিধানসভায়। ওই বিধানসভার যমুনা গ্রামে বুথ থেকে বেশ কিছুটা দূরে থাকা তৃণমূলের ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দিল কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কর্মীদের বেশ কয়েকটি বাইক ভাঙচুরেরও অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
- ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি আটকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে কোতুলপুরের তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার ঘটনাস্থলে ছুটে যান।
- তৃণমূল প্রার্থীর দাবি বুথ থেকে প্রায় ৮০০ মিটার দূরে ক্যম্প করা সত্বেও কেন্দ্রীয় বাহিনী ক্যাম্প ভেঙে দিয়েছে। গুঁড়িয়ে দিয়েছে একাধিক বাইকও। পার্শ্ববর্তী এক বাসিন্দার বাড়িতেও ভাঙচুর ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ এনেছেন তৃণমূল প্রার্থী।
-
বীরভূমে বিজেপির এজেন্টকে মার, ঝরল রক্ত
- বীরভূমে ঝরল রক্ত।
- লাভপুর বিধানসভার ভ্রমরকল অঞ্চলের ভ্রমরকল গ্রামে ৬৮ নাম্বার বুথে আক্রান্ত বিজেপি নির্বাচনী এজেন্ট।
- বিশ্বজিৎ মন্ডলকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
- লাভপুরে বুথ এজেন্টকে মারধরের পর গাড়ি ভাঙচুরও করা হয়।
- এই ঘটনায় একাধিক জনকে আটক করল পুলিশ। চারজন গ্রেফতার করা হয়েছে।
-
নানুরে তৃণমূল কর্মীদের শারীরিক হেনস্থার অভিযোগ
- বীরভূমের নানুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের শারীরিক হেনস্থার অভিযোগ। ১০০ মিটার দূরে বসে থাকার সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের বিরুদ্ধে।
- নানুর বিধানসভার কীর্নাহার এক নাম্বার পঞ্চায়েতের নিমড়া গ্রামের ১৬৩ নাম্বার বুথের নেতা-কর্মীদের অভিযোগ, বুথ থেকে ১০০ মিটার দূরে চার-পাঁচ জন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী বসেছিল। সেই সময় আচমকা পুলিশ ও কেন্দ্র বাহিনী এসে তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতাদের উপর কোন রকম কথা বলার আগেই লাঠি চার্জ করে বলে অভিযোগ। এমনকী, শারীরিকভাবে হেনস্তাও করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।
-
কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষ মুরারইতে
- মুরারই বিধানসভার গোরসা গ্রামের ৩১ নম্বর বুথে তৃণমূল আর কংগ্রেসের সংঘর্ষ।
- সংঘর্ষে ২ কংগ্রেস কর্মী জখম হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য মুরারই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
-
কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধর
- কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধর। জেলা শাসক ও জেলা ফোর্স কোওর্ডিনেটরের কাছে রিপোর্ট চাইল কমিশন।
- মারধর করার পাশাপাশি বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
-
বুথে মোবাইলে কথা বলে প্রভাবিত করার অভিযোগ
- মালদহতে বুথের মধ্যে মোবাইলে কথা বলে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে।
- যেখানে মোবাইল রাখাই নিষেধ, সেখানে অনায়াসে মোবাইলে কথা বলতে দেখা গেল সেই তৃণমূল কর্মীকে।
- এলাকায় মৌসম নুর পৌঁছাতেই সাময়িক উত্তেজনা। ছুটে আসে পুলিশের আধিকারিক সহ একটি দল।
-
ডোমকলে বুথ জ্যাম
- ডোমকলের ১৩০ ও ১৩১ নং বুথে বুথ জ্যামের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে।
- অভিযোগ, বুথের বাইরে শাসকদলের কর্মীরা ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছিল। যেখানে বুথের ১০০ মিটারের মধ্যে কোনও জটলা করার নিষিদ্ধ। সেখানে জুগিন্দার ১৩০ ও ১৩১ নং বুথের বাইরে অবৈধ জমায়েত দেখা গেল শাসকদলের কর্মীদের।
- পুলিশের সামনেই অবৈধ জমায়েত করতে দেখা যায়। বামেদের দাবি, অন্যের আইডি কার্ড নিয়ে আরেক জন বুথে প্রবেশ করছে। সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছে শাসক দল।
-
ভোট দিয়ে এসে মৃত্যু
- কেশপুর বিধানসভার সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের দীঘা বুথে ভোট দিয়ে ফিরে এসে অসুস্থ হয়ে মৃত্যু ইসরাতন বিবির।
- পরিবারের দাবি, এসআইআরে নাম ছিল না পরিবারের বেশিরভাগ সদস্যের, সেই দুশ্চিন্তাতেই মারা গিয়েছেন।
- ইসরাতন বিবির নাম উঠেছিল ভোটার তালিকায়। স্বামী ও দুই ছেলের নাম ছিল না ভোটার তালিকায়।
-
ভোটের লাইনেই মৃত্যু বিজেপি কর্মীর
- ভোটের লাইনে দাঁড়িয়েই মৃত্যু বিজেপি কর্মীর। বাড়িতে ছুটে গেলেন বিজেপি প্রার্থী তপন মাইতি।
- পূর্ব মেদিনীপুরের পটাশপুর বুথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজেপি কর্মী নিপেন্দ্রনাথ দাস। পটাশপুর বিধানসভার ২৩৪ নং বামুনবাড় বুথে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আকস্মিক মৃত্যু হয় ৬২ বছর বয়সী বিজেপি কর্মীর।
-
তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ জওয়ানদের বিরুদ্ধে
- তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। আহত ৩ জন।
- পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, বেলদা এলাকার পাতলি গ্রামের ১১৮ নম্বর বুথের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দলীয় কার্যালয়ে ঢুকে কর্মীদের মারধর করেছেন।
-
নন্দীগ্রামের নির্দল প্রার্থীকে মারের অভিযোগ
- নন্দীগ্রামের নির্দল প্রার্থী মহম্মদ নুর ইসলামের নির্বাচনী এজেন্ট- বিজেপি সংখ্যালঘু সেলের আব্বাস বেগকে হেনস্থা, ধাক্কাধাক্কি, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- অভিযোগ অস্বীকার তৃণমূলের। নন্দীগ্রাম ২ ব্লকের ১৬৯ নং বুথ কমলপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা।
-
নিশীথের কেন্দ্রেও তুমুল উত্তেজনা
- নিশীথ প্রামাণিক ভোট গ্রহণ কেন্দ্রে যেতেই উত্তেজনা। উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী সাবলু বর্মণ। স্লোগানে উত্তপ্ত এলাকা । বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে।
- মাথাভাঙ্গা বিধানসভার বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের কোচবিহার চা বাগান ৪৭ এবং ৪৮ নং বুথে উত্তেজনা। মুখোমুখি হন বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক এবং তৃণমূলের প্রার্থী সাবলু বর্মন।
- সামনা সামনি ‘জয় বাংলা’, ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি এমন হয় যে নিশীথ এবং তাঁর সঙ্গে থাকা কর্মীরা তেড়ে আসেন। সাবলু বর্মন এবং তাঁর কর্মীরাও তেড়ে আসেন পাল্টা।
-
একই বুথে ৩ বার ইভিএম খারাপ
- একই বুথে ৩ বার ইভিএম খারাপ। ক্ষিপ্ত ভোটাররা।
- মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হলদিবাড়ি ব্লকের ১/ ১৫১ নম্বর বুথে বারবার ইভিএম খারাপের ঘটনা ঘটে। সাউথ বড় হলদিবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবার ইভিএম চেঞ্জ করা হলেও ভোটারদের অভিযোগ, পুনরায় খারাপ হয়ে যায় ইভিএম মেশিন।
- সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় ক্ষুব্ধ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা।এখনও পর্যন্ত ৩ বার ইভিএম খারাপ হয়েছে।
-
পোলিং এজেন্টের বিরুদ্ধে জোর করে ভোট দেওয়ানোর অভিযোগ
- গোয়ালপোখরের ২০৫ নম্বর বুথে তৃণমূলের এক পোলিং এজেন্টের বিরুদ্ধে ভোটারদের জোর করে ভোট দেওয়ানোর অভিযোগ।
- ঘটনাকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী সরজিত বিশ্বাস ও তৃণমূল প্রার্থী গোলাম রব্বানীর মধ্যে বাগবিতণ্ডা হয়।
- পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
-
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, ক্ষমা চাইলেন উদয়ন
- কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েও শেষে প্রত্যাহার করে নিলেন দিনহাটার তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। এবং ক্ষমাও চাইলেন।
- কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারের ভোট দিয়ে দিয়েছে। কিছুক্ষণ আগে এমনটাই মারাত্মক অভিযোগ এনেছিলেন দিনহাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। এবার নিজেই সাংবাদিকদের ডেকে সেই অভিযোগ প্রত্যাহার করে নিলেন তিনি।
- উদয়ন বলেন “তাঁর কাছে যে খবর ছিল সেটা ভুল”। আদতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেই বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারকে ভোটকেন্দ্রে ভোটদান কক্ষে ঢুকতে সাহায্য করেছিলেন। পরবর্তীতে খবর ভুল এমনটা জানতে পেরে তিনি তার অভিযোগ প্রত্যাহার করে নেন।
-
রণক্ষেত্র নওদা, পথ অবরোধ করে বসে দুই পক্ষ
- মুর্শিদাবাদের নওদা এখনও উত্তপ্ত। সকালে হুমায়ুন কবীরের এজেন্টকে বসতে দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তা বেলা বাড়তেই আরও উত্তপ্ত পরিস্থিতিতে পরিণত হয়।
- হুমায়ুন কবীর সরাসরি বচসায় জড়ান তৃণমূল কর্মীদের সঙ্গে। তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা।
- এখনও রাস্তা অবরোধ করে বসে রয়েছে দুই পক্ষ। আমতলা বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বসে রয়েছেন হুমায়ুন কবীর ও তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ।
-
Gangarampur: তৃণমূল প্রার্থীকে ভোট দিতে ‘বাধা’
- গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী গৌতম দাসকে ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত উত্তর প্রদেশ পুলিশের বিরুদ্ধে।
- ঘটনাটি ঘটে তপন ব্লকের উত্তর বজরাপুকুর জুনিয়র বেসিক স্কুলে।
- তৃণমূল প্রার্থীর অভিযোগ, ওই স্কুলের ১৪৮ নম্বর বুথে দলের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছিল না।
- খবর পেয়ে গৌতম দাস ঘটনাস্থলে পৌঁছে সমস্যার সমাধান করেন।
-
Nisith Pramanik: নিশীথ বুথে ঢুকতেই উত্তেজনা
- নিশীথ প্রামাণিক ভোট গ্রহণ কেন্দ্রে যেতেই উত্তেজনা।
- সেখানে উপস্থিতি তৃণমূল প্রার্থী সাবলু বর্মণ । স্লোগানে স্লোগানে উত্তপ্ত এলাকা । বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে ।
- মাথাভাঙ্গা বিধানসভার বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের কোচবিহার চা বাগান ৪৭ এবং ৪৮ নং বুথে উত্তেজনা।
-
Shashi panja: ভোটের মাঝেই বিস্ফোরক শশী
- বিধানসভা নির্বাচনের উত্তাপের মধ্যেই নন্দীগ্রামের ভোট পরিস্থিতি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাঁজা।
- শশী পাঁজার নিশানায় দুই পুলিশ আধিকারিক— অজয় মিশ্র, তিনি ২০২১ সালে নন্দীগ্রামের ওসি ইন্সপেক্টর হিসাবে কর্মরত ছিলেন। দ্বিতীয় জন কুদরতে খুদা, তিনি হলদিয়ার ওসি ইন্সপেক্টর হিসাবে কর্মরত ছিলেন।
- বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, নন্দীগ্রামে পুলিশের দুই অফিসার নিরপেক্ষভাবে কাজ করছেন না, বরং সরাসরি বিজেপির হয়ে কাজ করছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসকদল।
-
ভোটারদের হুমকি দিচ্ছে বিজেপি, অভিযোগ তৃণমূলের
পূর্ব মেদিনীপুরের সোনাচুড়া ২৮৪ ভোটকেন্দ্রে বিজেপি এজেন্ট ভোটারদের হুমকি দিচ্ছে, অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস।
-
ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ
- বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার খোসবাগ গ্রামের ৯৪ নম্বর বুথে ভোটের দিনেও ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।
- বিজেপির অভিযোগ, ওই বুথে ভোটকেন্দ্রের কাছেই তৃণমূল কংগ্রেসের বাহিনী জমায়েত রয়েছে। তাদের নেতারা নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করছে।
- যদিও তৃণমূল কংগ্রেসের নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, অল্প শিক্ষিত ভোটারদের সাহায্য করতেই এই উদ্যোগ। বিজেপি মিথ্যা অভিযোগ করছে। তিনি এও জানান, ভোটারদের জন্য কিঞ্চিৎ জলযোগের ব্যবস্থা করা হয়েছে তাদের তরফে।
-
মোবাইল নিয়ে ভোট দেওয়ার অভিযোগ TMC কর্মীর বিরুদ্ধে
- মোবাইল নিয়ে বুথ ক্যাম্পে ভোট দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে।
- তুফানগঞ্জ বিধানসভার মহিষকুচি -১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের নির্বাচন কমিশনে।
-
বিজেপি কর্মীকে কেক খাওয়ালেন শুভেন্দু
- শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের চক কেন্দামারী প্রাইমারি স্কুল অদূরের দলীয় ক্যাম্পে এলেন।
- বাপুজি কেক, বিস্কুট আর জল খেলেন। এক কর্মীকে কেক ভেঙে খাইয়েও দিলেন।
-
তৃণমূল-সিপিএমের বুথ ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
- ইন্দাস বিধানসভার লাউগ্রাম অঞ্চলের কদমা বুথের বাইরে সিপিএম ও তৃণমূলের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
- বুথের একশো মিটার বলয়ের বাইরে ক্যাম্প করার পরেও, কেন্দ্রীয় বাহিনীর এই হামলা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম ও তৃণমূল।
-
ভোটকেন্দ্রে জানালা খোলা কেন? অভিযোগ মৌসম নূরের
- ভোট কেন্দ্রের জানালা খোলা। রাস্তা থেকে দেখা যাচ্ছে ভেতরের চিত্র।
- মালতিপুর বিধানসভা কেন্দ্রের ২২১ নম্বর বুথের ঘটনা। বিষয়টি নজরে আসতেই সেক্টর অফিসারকে অভিযোগ জানালেন কংগ্রেস প্রার্থী মৌসম নূর।
- যদিও ভোট কর্মীদের দাবি, আলোর সমস্যা থাকায় জানালা খোলা রাখা হয়েছে।
-
হুমায়ুন কবীরের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তুমুল ঝামেলা
- প্রথম দফার ভোটগ্রহণে নজরে হুমায়ুন কবীর।
- নওদা ১৭৩ নম্বর বুথের বাইরে হুমায়ুন কবীরের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তুমুল ঝামেলা। এজেন্টকে বসতে না দেওয়া নিয়ে বচসার শুরু। সেখান থেকেই অশান্তি শুরু।
- হুমায়ুনকে লক্ষ্য করে চোর স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস।
- পরিস্থিতি নিয়ন্ত্রণ না এলে কঠোর পদক্ষেপ নেবে কমিশন। খবর সূত্রের।
-
কেন্দ্রীয় বাহিনীর উপর চোটপাট শুভেন্দু অধিকারীর
- কালির বাজারে কেন্দ্রীয় বাহিনীর উপর চোটপাট শুভেন্দু অধিকারীর।
- চিৎকার করলেন শুভেন্দু অধিকারী বললেন, “মার্ডারের কেসের অভিযুক্ত সাহাবুদ্দিন কী করে বাইরে থাকে? হিন্দুদের ভোট দিতে দিচ্ছে না।”
- কেন্দ্রীয় বাহিনীকে বললেন, “আসুন আমার সঙ্গে। আমি যাচ্ছি।”
-
ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী?
কেন্দ্রীয় বাহিনী বয়স্ক ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলছেন, অভিযোগ তৃণমূলের।
১৭২ নম্বর বারাঙা রামনগর ২ ব্লকের অন্তর্গত বুথে এই ঘটনা ঘটছে বলে অভিযোগ।
-
নাম বাদ, ছলছল চোখে বুথের বাইরেই অপেক্ষা ৩০০ মানুষের
- সামশেরগঞ্জ বিধানসভার ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দিগরি গ্রাম পঞ্চায়েত ৬১ নম্বর বুথ।
- নির্বাচন কমিশনের টেনে দেওয়া লক্ষ্মণরেখার বাইরে দাঁড়িয়ে প্রায় ৩০০ মানুষ। হাতে তাঁদের ভোটার কার্ড। কিন্তু প্রত্যেকের নাম এসআইআর প্রক্রিয়ার জেরে ভোটার তালিকা থেকে বাদ হয়ে গিয়েছে।
- ছল ছল চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কার্ড নিয়ে। এবার তাঁরা ভোট দিতে পারলেন না। শুধু দাঁড়িয়ে দেখলেন অন্যদের ভোট দেওয়া। কারো বয়স ৮০। কারো বয়স ৩০।
- বুথের ৮৮২ জনের মধ্যে ৩১৭ জনের নাম বাদ গিয়েছে। বললেন, কোনও দলের কোনও প্রার্থী আমাদের পাশে দাঁড়ায়নি। কেউ আসেনি আমাদের গ্রামে প্রচার করতে।
-
ভোট দিতে গিয়ে শুনলেন, ভোট পড়ে গিয়েছে!
- ভোট দিতে গিয়ে ভোট দিতে পারলেন না! শুনলেন, ভোট নাকি আগেই হয়ে গিয়েছে পোস্টাল ব্যালটে।
- মালদহের গাজোল বিধানসভার ভোটর রিক্তা মন্ডল বিশ্বাস। পোলিং স্টেশন নম্বর ২২৯, নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট ছিল, কিন্তু তিনি ভোট দিতে পারলেন না।
- ভোট দিতে গিয়ে জানতে পারলেন, তাঁর ভোট পোস্টাল হয়ে গেছে। তাঁর ভোট কেউ পোস্টাল ভোট করে দিয়েছে।
-
হুমায়ুনের এজেন্টকে বসতে বাধা, নওদায় তুমুল অশান্তি
- নওদায় তুমুল অশান্তি। আম জনতা পার্টির নেতা হুমায়ুন কবীরের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। ১৭৩ নম্বর বুথের ঘটনা।
- তৃণমূলের ব্লক সভাপতি এসে হুমায়ুনের এজেন্টকে তুলে দিয়েছেন বলে অভিযোগ।
- ঘটনাস্থলে আসেন হুমায়ুন কবীর। তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।
-
রানীগঞ্জে ঘুরছেন অগ্নিমিত্রা
- আসানসোলে ভোট দেওয়ার পর, আসানসোল দক্ষিণ এলাকার রানীগঞ্জ পঞ্চায়েতের আওতায় গ্রামীণ এলাকাগুলি ঘুরছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
- এইসব এলাকাগুলিতেই অতীতে তাঁর ওপর হামলা হয়েছিল। সেই সমস্ত বুথ পরিদর্শন করে অগ্নিমিত্রার দাবি শান্তিপূর্ণ, অবাধ ভোট হচ্ছে এবার।
-
ভোটকেন্দ্রে আলোর অভাব, অভিযোগ অশোক ভট্টাচার্যের
- শিলিগুড়িতে ভোটের আবহে ২০১ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য।
- বৃহস্পতিবার নেতাজি বয়েজ হাইস্কুলে অবস্থিত বুথে গিয়ে ভোট দেন তিনি।
- এদিন ভোটকেন্দ্রে পৌঁছে আলোর অভাব লক্ষ্য করেন অশোক ভট্টাচার্য। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
- তাঁর মতে, আলো কম থাকায় বিশেষ করে বয়স্ক ভোটারদের সমস্যায় পড়তে হতে পারে।

-
ভোট দিলেন সুকান্ত মজুমদার
সকাল সকাল সস্ত্রীক ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বাড়ি থেকে হেঁটে এসে ভোট দিলেন।
-
কোচবিহারে ৬ বুথে ভোট গ্রহণ বন্ধ!
- সকাল ১০টা বাজে, এখনও অবধি কোচবিহার উত্তর বিধানসভার ৬টি বুথে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রয়েছে।
- কোথাও ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিট বিকল, আবার কোথাও ভিভিপ্যাড লক হয়ে রয়েছে।
- নির্বাচন কমিশনের অপ্রস্তুতি চোখে পড়ার মতো, এমনটাই অভিযোগ করলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ প্রতিম রায়।
-
বুথ জ্যাম করতে না পেরে রোড জ্যাম!
তুফানগঞ্জে বুথ জ্যাম করতে না পেরে রোড জ্যাম!
তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারকোদালি-২ গ্রাম পঞ্চায়েতের মানসাইয়ের ২৩৭ ও ২৩৮ নম্বর বুথের ঠিক কিছুটা দূরে রোড জ্যামিং করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
অভিযোগ পেয়ে পুলিশি অভিযান। রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় চেয়ার।
-
ভোট দিলেন পরেশ অধিকারী
- ভোট দিলেন পরেশ অধিকারী। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা মেখলিগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী সকাল সকাল ভোট দিলেন।
- কোনও প্ররোচনায় পা না দিয়ে, শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়াতে অংশ নেওয়ার নির্দেশ দিলেন দলীয় কর্মীদের।জয়ের ব্যাপার ১০০ শতাংশ নিশ্চিত তিনি।
-
বুথের ১০০ মিটারের মধ্যে জটলা, অবজারভারকে অভিযোগ
- গঙ্গারামপুরে নির্বাচন শুরু হতেই তৃণমূল এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করলেন বিজেপি নেতৃত্ব।
- নির্বাচনী কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তৃণমূল কর্মী সমর্থকেরা জটলা পাকাচ্ছেন বলে অভিযোগ করলেন বিজেপি সহ-সভাপতি অশোক বর্ধন।
- তাঁর অভিযোগ, ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তৃণমূল কর্মী জটলা পাকাচ্ছেন। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। অবজারভারকে অভিযোগ জানানো হয়েছে।
- তবে বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
-
বিজেপি প্রার্থীকে আটকে রাখার অভিযোগ
- উত্তর কাঁথি বিধানসভার ১৭২ নম্বর বুথ ছনবেড়্যায় চাঞ্চল্যকর অভিযোগ!
- বিজেপি প্রার্থী সুমিতা সিনহাকে পিন্টু গিরির নেতৃত্বে আটকে রেখে হেনস্থা ও হুমকির অভিযোগ বিজেপির।
-
মালদহ ট্রেজারিতে আগুন
- মালদহ ট্রেজারিতে আগুন। ভোটের মধ্যে আগুন লাগায় শোরগোল।
- জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আসবাব ও কিছু সামগ্রীতে আগুন লেগে গিয়েছে।
- কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে।
-
কোথায় কত ভোট পড়ল?
- প্রথম দুই ঘণ্টায় ১৮.৭৬ শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে।
- বাঁকুড়ায় প্রথম দু’ঘন্টায় ভোট পড়ল ২০.২০ শতাংশ।
- পূর্ব মেদিনীপুরে সকাল ন’টা পর্যন্ত জেলায় ভোট পড়েছে ১৮.৮১ শতাংশ।
- মুর্শিদাবাদে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৮৮ শতাংশ।
- মালদহে ১৬.৯৬ শতাংশ ভোট পড়েছে।
- আলিপুরদুয়ারে ১৭.৭০ শতাংশ ভোট পড়েছে।
- বীরভূমে ১৯.০১ শতাংশ ভোট পড়েছে।
- কোচবিহারে ১৭.৫৬ শতাংশ ভোট পড়েছে।
- দক্ষিণ দিনাজপুরে ১৮.৮১ শতাংশ ভোট পড়েছে।
- দার্জিলিং ১৮.৮০ শতাংশ ভোট পড়েছে।
- জলপাইগুড়িতে ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে।
- ঝাড়গ্রামে ১৯.৮৪ শতাংশ ভোট পড়েছে।
- কালিম্পংয়ে ১৮.৭৪ শতাংশ ভোট পড়েছে।
- পশ্চিম বর্ধমানে ১৯ শতাংশ ভোট পড়েছে।
- পশ্চিম মেদিনীপুরে ২০.৫১ শতাংশ ভোট পড়েছে।
- পুরুলিয়াতে ১৭.৮৩ শতাংশ ভোট পড়েছে।
- উত্তর দিনাজপুরে ১৭.৫৪ শতাংশ ভোট পড়েছে।
-
তৃণমূল প্রার্থীকে দেখে চোর চোর স্লোগান
- গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডল পৌছাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। চন্দন মন্ডলকে লক্ষ্য করে দেওয়া হয় চোর চোর স্লোগান।
- বিজেপি কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল চন্দন মন্ডল সেখানে সাধারণ মানুষদের প্রভাবিত করছিলেন এবং তৃণমূলে ভোট দেওয়ার কথা বলছিলেন। যার ফলে সাধারণ মানুষ একত্রিত হয়ে তাঁকে বিক্ষোভ দেখায়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
-
ভোট দিলেন পবিত্র কর
- নিজের ভোটকেন্দ্রে ভোট দিতে এলেন নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।
- ৭ নম্বর বুথ শম্ভুনাথ প্রাথমিক শিক্ষা সদনে ভোট দিতে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।
- তিনি বলেন, “এটা তো আমাদের পরম্পরা। এটা তো সংস্কৃতি। এরই নাম সনাতন সংস্কৃতি। এখন পর্যন্ত নির্বিঘ্নে কোথাও কোন সমস্যা নেই। এক-আধ জায়গায় ছোটখাটো সমস্যা, ওগুলো থাকেই। গত চার দিন কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা সহ এটাতে বিজেপির বিভিন্ন ক্যাডাররা সংঘবদ্ধ ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলা করেছে। সাধারণ কর্মী তৃণমূলের কর্মী সমর্থকদের উপরে আহত করেছে, আঘাত করেছে, বাড়ি ঘর ভাঙচুর করেছে ওরা।”
-
তৃণমূলে ভোট দিলে ভোট পড়ছে বিজেপিতে!
- বড়ঞা বিধানসভার ১৮৬ নম্বর বুথে ভোট কারচুপির অভিযোগ।
- বড়ঞা ব্লকের গোদা পাড়া এলাকায় ভোটারদের অভিযোগ, ভোট দিতে গিয়ে তৃণমূলকে ভোট দিলে, বিজেপিতে ভোট পরছে।
- এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
-
ভোট দিলেন শুভেন্দু অধিকারী
- নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারী ভোট দিলেন।
- হাসিমুখেই বুথ থেকে বেরতে দেখা যায় তাঁকে।
- জয় নিয়ে আশাবাদী তিনি।
-
ভোট দিলেন গৌতম দেব
- শিলিগুড়িতে ভোট দিলেন গৌতম দেব।
- ভোট দেওয়ার আগে মন্দিরে পুজো দেন তিনি।
-
ভোট দিলেন অগ্নিমিত্রা
- ভোট দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
- আসানসোল উত্তর বিধানসভার এলআইসি অফিসের 243 বুথে ভোট দিলেন। সকাল ৮ টা নাগাদ তিনি ভোট দেন তিনি।
- রাতে আসানসোলে লোডশেডিং হয়েছিল। ভোট চলাকালীন বার বার লোডশেডিং হয়ে ওয়েবকাস্টিং বন্ধ করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তৃণমূল এই কারসাজি করতে পারে বলে তাঁর অভিযোগ।
-
ভোটকেন্দ্রের বাইরে বিজেপি-তৃণমূলের বচসা
- নিজের বুথে ভোট দিয়ে বেরিয়েই ভোটকেন্দ্রের বাইরে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা।
- মেদিনীপুর বিধানসভার নারায়ণ বিদ্যাভবন স্কুল ১৮২ ১৮৩ ও ১৮৪ নম্বর বুথের সামনে উত্তেজনা।
- তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করলেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত।
-
কমিশনের নিয়মকে বুড়ো আঙুল
- নির্বাচন কমিশনের নিয়ম, বুথের ১০০ মিটারের গণ্ডির মধ্যে শুধু ভোটাররাই থাকবেন।
- তবে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের পানিশালার ধাইয়ের হাট হাই মাদ্রাসা বুথে ১০০ মিটারের দাগ আছে। তবে তা মানছে না নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীরাই।
- বুথের ৫ মিটারের মধ্যেই বসেছেন BLO। ভোটারের সব লাইন বুথের দরজায়। ফলে প্রশ্ন উঠেছে কমিশনের নির্দেশ মানা নিয়ে।
-
নন্দীগ্রামে বিজেপিতে ভোট চলে যাওয়ার অভিযোগ তৃণমূলের
- নন্দীগ্রামে বড় অভিযোগ।
- বুথ নম্বর ১৫১ বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটাররা যাকেই ভোট দিচ্ছেন, সেই ভোট বিজেপিতে চলে যাচ্ছে।
- এই অভিযোগে ভোটদান পর্ব বন্ধ।
-
ভোট দিলেন পবিত্র কর
- নিজের ভোটকেন্দ্রে ভোট দিতে এলেন নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।
- ৭ নম্বর বুথ শম্ভুনাথ প্রাথমিক শিক্ষা সদনে ভোট দিতে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।
-
ধুপগুড়িতে একাধিক বুথে ইভিএম বিকল
- প্রায় সাড়ে সাতটা বেজে গেলেও ভোট শুরু হয়নি ধুপগুড়ির উত্তর বইরেটিকুরি কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়।
- জানা গিয়েছে, ধুপগুড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকার ১৭৪ নম্বর বুথে ইভিএম গন্ডগোলের কারণে এখনও শুরু হয়নি ভোট।
- ধুপগুড়ি বিধানসভার ১৮৯ নম্বর বুথ সুহৃদ সংঘ ক্লাব ও পাঠাগারেও সকাল থেকে ইভিএম মেশিনে বিভ্রাট দেখা দেয়, যার ফলে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা সম্ভব হয়নি।
- সকাল সাড়ে সাতটা পেরিয়ে গেলেও ভোট না শুরু হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা।
-
আঙুলে কালি লাগিয়েও ভোট দিতে পারছেন না তৃণমূল প্রার্থী
- আঙুলে কালি লাগিয়েও, ভোট দিতে পারছেন না তৃণমূল প্রার্থী।
- কুমার গ্রাম বিধানসভার ১০/১০১ নম্বর বুথে দক্ষিণরামপুর নিউ প্রাইমারি স্কুলে তৃণমুল প্রার্থী রাজীব তীর্কি প্রথম ভোটার হিসাবে ভোট দিতে পৌঁছন বুথে।
- ভিতরে পৌঁছে আঙুলে কালি লাগানোর পর EVM-এর কাছে গিয়ে পৌঁছলে, যান্ত্রিক সমস্যায় ভোট দিতে পারছেন না। বুথের মধ্যেই ঘোরাঘুরি করছেন।
-
নওদায় বোমাবাজি, আঙুল হুমায়ুনের পার্টির দিকে
- ভোটের আগের রাতে নওদা বিধানসভার শিবনগর এলাকায় রাস্তার উপর বোমাবাজি। এক মহিলা আহত হয়েছেন।
- হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। এলাকার মানুষকে আতঙ্কিত করার জন্য বোমবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ।
- ঘটনাস্থলের কিছুটা দূরেই ছিলেন নওদা বিধানসভা তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। তবে তিনি অক্ষত রয়েছেন।
-
বাঁকুড়ার সারদামণি মহিলা কলেজে শুরু হল না ভোট গ্রহণ
- বাঁকুড়া জেলা সারদামণি মহিলা কলেজে ইভিএম খারাপ।
- দীর্ঘক্ষণ ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা।
- নির্দিষ্ট সময়ে শুরু করা গেল না ভোটগ্রহণ।
-
ভোট দিলেন কাজল শেখ
ভোট গ্রহণ শুরু হওয়ার প্রথম এক ঘণ্টার মধ্যেই ভোট দিলেন হাসন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখ।
-
আসানসোলে গাড়িতে ইভিএম, সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ
- মধ্যরাতে আসানসোলে সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ।
- ১৯ নম্বর জাতীয় সড়ক জামুরিয়া শ্রীপুর মোড়ে একটি ধাবার বাইরে একটি স্করপিও গাড়ির ভেতর বেশকিছু ইভিএম অসুরক্ষিত অবস্থায় দেখতে পান জামুরিয়া সিপিএম প্রার্থী মহম্মদ সাব্বির হুসেন ও এনসিপিপ্রার্থী রিয়া মুখোপাধ্যায়। তাঁরা সেক্টর অফিসারকে খুঁজে বের করে বিক্ষোভ দেখান। প্রশ্ন তোলেন এতরাতে গাড়ির ভেতর ইভিএম কেন ? অসুরিক্ষত অবস্থায় কেন?
- কাকতলীয়ভাবে ওই ধাবার ভেতরেই জামুরিয়া বিদায়ী তৃণমূল বিধায়ক এবারের প্রার্থী হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংয়ের গাড়ি পার্কিং অবস্থায় দেখতে পান তাঁরা । এই নিয়ে আরও উত্তেজনা বাড়ে।
- যদিও প্রেমপালকে দেখতে পাওয়া যায়নি। সেক্টর অফিসারের দাবি, তিনি ধাবাতে খাবার খাচ্ছিলেন। গাড়িতে রিজার্ভ ৪ টে ইভিএম আছে। জামুরিয়ার নিঘা সেক্টরের জন্য। পর্যাপ্ত সুরক্ষা রেখেই খেতে গিয়েছিলেন। তৃণমূল বিধায়কের ছেলের গাড়ির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। বিক্ষোভ চলতে থাকে। আধাসামরিক বাহিনী আসে। তাঁরা সেখান থেকে বিক্ষোভের মুখে থাকা ওই গাড়ি ও সেক্টর অফিসারকে উদ্ধার করে নিয়ে যান।
-
মন্দিরে পুজো দিলেন গৌতম দেব
উত্তরবঙ্গেও আজ ভোট।
ভোট দেওয়ার আগেই মন্দিরে পুজো দিলেন গৌতম দেব।
-
ভোট দিলেন কৃষ্ণ কল্যাণী
- রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এলেন ভোট দিতে।
- বুথ খোলার পর প্রথম ভোটার হিসাবে ভোট দিলেন তিনি।
- রায়গঞ্জ করোনেশন স্কুলে সস্ত্রীক ভোট দিতে এসেছেন তিনি।
-
ভোট দিতে বেরলেন শুভেন্দু অধিকারী
- ভোট দিতে গাড়ি থেকে বের হলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
- সকাল সাড়ে ৭টা নাগাদ নন্দনায়কবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর ভোট দেওয়ার কথা।
-
দুর্গাপুরেও ইভিএমে সমস্যা
- দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে মডেল পোলিং বুথে ইভিএমে ব্যাটারি নেই।
- ২৭৭ – দুর্গাপুর পশ্চিম বিধানসভা ১৬৫ নম্বর বুথে তাই মকপোল শুরু করা যায়নি।
-
শিলিগুড়ির বুথে ইভিএম খারাপ
- শিলিগুড়িতে ২৬/২৩৫ রামকৃষ্ণ পাঠাশালায় ইভিএম খারাপ। আটকে মকপোল।
- নতুন ইভিএম আনা হচ্ছে। তারপর ভোট গ্রহণ শুরু হবে।
- শিলিগুড়িতে জগদিশ হাই স্কুলেও একটি বুথের ইভিএম খারাপ।
-
দক্ষিণ কাঁথিতে ধারালো অস্ত্র নিয়ে ধরা পড়ল দুষ্কৃতী
- ভোটের আগেই উত্তেজনা। দক্ষিণ কাঁথি বিধানসভার বেতালিয়া বুথে রাতের অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে এলাকায় প্রবেশের অভিযোগ তৃণমূলের।
- বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ। হাতে নাতে ধরা পড়ে একজন। পলাতক আরও দুই জন। এলাকাবাসী অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। আটক করা হয়েছে দুটি বাইক।
-
নকল ইভিএম নিয়ে প্রচার
- নন্দকুমার ২০৭ বিধানসভার হরিহরপুর গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার দে নকল ইভিএম নিয়ে বুধবার রাতে হরিহরপুর গ্রামে প্রচার করছিলেন। সেই সময় গ্রামবাসীদের হাতে ঘেরাও হন।
- বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করে নকল ইভিএম নিয়ে রাতের অন্ধকারে হরিহরপুর এলাকাতে গিয়েছিল তৃণমূল প্রার্থী সুকুমার দে।
- যদিও এই বিষয়ে সুকুমার দে-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
-
নাকা চেকিংয়ে আটকানো নিয়ে সড়ক অবরোধ মিতালী বাগের
- মিতালী বাগ চন্দ্রকোণা থেকে বাড়ি ফিরছিলেন মিতালী বাগ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার তাতারপুর এলাকায় ন্যাকড় বাগ গ্রামে সুন্দরী খালের সামনে নাকা চেকিং-এর সময় আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগের গাড়ি চেক করার জন্য দাঁড় করায়।
- ‘আমি মহিলা, কেন আমাকে আটকানো হল? মহিলা জওয়ান কোথায়?’- এই প্রশ্ন করেন সাংসদ।
- গভীর রাতে রাজ্য সড়ক অবরোধ করেন সাংসদ। মিতালী বাগের দাবি, মহিলা CRPF বা মহিলা কনস্টেবল ছাড়া মহিলা চেকিং কেন করা হচ্ছে?
-
নন্দীগ্রামে অগ্নিপরীক্ষা শুভেন্দুর
- আজ নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ রয়েছে নন্দীগ্রাম বিধানসভাতে। এই আসনে লড়ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।
- আজ সকালেই শুভেন্দু অধিকারী ভোট দেবেন নন্দনায়কবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে।
- অন্যদিকে, পবিত্র কর ভোট দেবেন বয়ালের শুম্ভনাথ প্রাথমিক বিদ্যালয়ে।
-
সকাল থেকেই বুথে ভোটারদের লাইন
- ভোট উৎসবে মেতে বাংলা। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু।
- সকাল থেকেই ভোটারদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকলেই চাইছেন আগে ভোট দিয়ে নিতে।
- বুথে বুথে কড়া নিরাপত্তা। প্রতি বুথে কমপক্ষে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছেন।
Published On - Apr 23,2026 6:16 AM
