PM Narendra Modi: ‘লাল ঝান্ডা দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল’, বাংলার হাতছাড়া হয়েছিল বড় সুযোগ, সত্যিটা আজ তুলে ধরলেন প্রধানমন্ত্রী
PM Modi in IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে রুপো দিয়ে তৈরি ৭৫ টাকার বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "ভারতের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এখানে উপস্থিত। ৭৫ বছর উদযাপন করতে এসেছি। একাধিক মাইলস্টোন তৈরি করেছে আইআইটি।"

খড়্গপুর: “চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করাই আমার স্বভাব”। আইআইটি খড়্গপুরে এসে পড়ুয়াদের জীবনপাঠ দিতে গিয়ে এ কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আইআইটি-র ৭৫ বর্ষ উপলক্ষে দেশের প্রথম আইআইটি- খড়্গপুরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পড়ুয়াদের যেমন অতীতের কথা শোনালেন, তেমনই আবার ভবিষ্যতে বিকশিত ভারত কীভাবে গড়া হবে, তার মন্ত্রও দিলেন। বললেন, “গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌছেছে ভারত। এই পরিবর্তনের সাক্ষী আইআইটি খড়্গপুর।”
এ দিন আইআইটি খড়্গপুরের ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে রুপো দিয়ে তৈরি ৭৫ টাকার বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “ভারতের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এখানে উপস্থিত। ৭৫ বছর উদযাপন করতে এসেছি। একাধিক মাইলস্টোন তৈরি করেছে আইআইটি। আমার বিশ্বাস, চায়ে পে চর্চা এখানে খুব মনে থাকবে প্রাক্তনীদের। আলাদা আলাদা হলে, আলাদা করে কম্পিটিশন চলে। যারা ভারতের নিজস্ব শাসন চাইত এক সময়ে। এখন এখানেই এই শিক্ষাকেন্দ্রকে আত্মনির্ভরশীল করে বিকশিত ভারত গড়া হচ্ছে। আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতার এই সফরই বিকশিত ভারতের আসল শক্তি।”
রাজ্যে প্রশংসা করে বলেন, “পশ্চিমবঙ্গের মাটিতে নতুন ভাবনা জন্মেছে। পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রামের জায়গা। স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের দেশকে উঁচুতে দেখতে চেয়েছিলেন। দেশের প্রথম নির্বাচন হওয়ার আগেই ইঞ্জিনিয়ারদের প্রয়োজন ছিল। দেশের উন্নতিতে অন্যতম ভূমিকা রয়েছে এই প্রতিষ্ঠানের।”
ছাত্রদের পেপ-টক দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমার স্বভাব চ্যালেঞ্জ কে চ্যালেঞ্জ জানানো। আমরা দ্রুত সন্তুষ্ট হয়ে যাই। লিমিটিং বিলিভস মানে নিজের স্বপ্ন-প্রতিভাকে সীমাবদ্ধ করে দেওয়া। ভারত কিছু বছর ধরে ব্রেক দ্য লিমিট তত্ত্বে বিশ্বাসী হয়ে উঠেছে।”
এই প্রসঙ্গে আরও বলেন, “পাঁচ দশক আগে দারিদ্রতাকে মূল সমস্যা ধরা হত। সবাই ভাবত, গরিবি দূর হয় না। কেউ হিম্মত দেখায়নি এটা ঠিক করার। আমি লালকেল্লা থেকে বললাম শৌচালয় নির্মাণ হবে গরিবদের জন্য। আমরা পাওয়ার টু এমপাওয়ারে অর্থাৎ ক্ষমতা থেকে ক্ষমতায়নে নিয়ে গিয়েছি। ওয়ার্ল্ড ব্যাঙ্কের রিপোর্ট এসেছে, ৫০ কোটি মানুষ দারিদ্রতার সীমা থেকে বেরিয়ে এসেছে ভারতে। এটাই ব্রেক দ্য লিমিট।
বামেদের সরাসরি আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “৫০ বছর আগে সেমিকন্ডাক্টর কোম্পানি এসেছিল। তাকে লাল ঝন্ডা দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল। অনেকে বলেছিল, দেরি হয়ে গিয়েছে। আমি হাল ছাড়িনি। সেমিকন্ডাক্টর ফেসিলিটি শুরু করেছি মাত্র ৪ বছরে।”
তিনি আরও বলেন, “মহাকাশ ক্ষেত্রে ইসরোর এন্ট্রি সীমিত ছিল। অনেক বাধা-নিষেধ ছিল। আমাদের আমলে যুবকদের জন্য এটা খুলে দেওয়া হয়েছে। বিকশিত ভারত এখান থেকেই তৈরি হওয়ার কাজ শুরু হোক।”
