Smuggling Arrest: কোটি টাকার পাচার করছিলেন, জালে মোমিন
Momen Molla Arrested: গত রবিবার রাতে হাসনাবাদ থানার মুরারিশাহ বকুলতলা এলাকার একটি গোডাউনে হানা দিয়ে বিএসএফ (BSF) ও পুলিশ বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য কোটি টাকা। ওই অভিযানের সময়ই গোডাউনের মালিক হিসেবে অভিযুক্ত মোমেন মোল্লা পালিয়ে গা ঢাকা দেয়।

বসিরহাট: শেষ রক্ষা হল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কোটি টাকার ফেনসিডিল পাচারকাণ্ডে অভিযুক্ত মোমেন মোল্লা। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং হাসনাবাদ থানার পুলিশ যৌথভাবে একটি গোপন ডেরা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাতে হাসনাবাদ থানার মুরারিশাহ বকুলতলা এলাকার একটি গোডাউনে হানা দিয়ে বিএসএফ (BSF) ও পুলিশ বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য কোটি টাকা। ওই অভিযানের সময়ই গোডাউনের মালিক হিসেবে অভিযুক্ত মোমেন মোল্লা পালিয়ে গা ঢাকা দেয়। সেদিন তাকে ধরা না গেলেও এরপর থেকেই বিভিন্ন এলাকায় তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।
অবশেষে গতকাল রাতে গোপন ডেরায় হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ ধৃত মোমেন মোল্লাকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, ধৃত মোমেন মোল্লা তৃণমূল ঘনিষ্ঠ এবং শাসকদলের নেতাদের মদতে দীর্ঘদিন ধরে একাধিক পাচার চক্রের সঙ্গে যুক্ত। যদিও এই অভিযোগ নিয়ে এখনও স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
