
বক্সা: গত কয়েকদিন ধরে বাঘিনিকে নিয়ে জল্পনা চরমে। বিহার থেকে আনা বাঘিনি আবার কোথায় পাড়ি দিল, তা নিয়ে তৈরি হয় জল্পনা। এমনকী সে ভুটান সীমান্তের দিকে পাড়ি দিচ্ছিল বলেও জানা যায়। তার উপর নজর রাখছিল বন দফতর। বনমন্ত্রী মনোজ ওরাওঁ বারবার বাঘিনির অবস্থানের কথা জানিয়েছেন আর এবার সামনে এল তার ছবি। দেখা গেল ডুয়ার্সের রানিকে।
ছবি পোস্ট করে বনমন্ত্রী জানালেন বক্সাতেই রয়েছে বাঘিনি। তার শিকারের প্রমাণ হিসেবে মৃত সম্বর হরিণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বনমন্ত্রী। বনমন্ত্রীর দাবি, ছবিটি গতকালের (রবিবারের)। বক্সার জঙ্গলে ডুয়ার্সের রানির শিকার করা রাতের খাবার সম্বর হরিণ।
বক্সার বাঘিনিকে ঘিরে নানা বিতর্ক ও জল্পনা তৈরি হয়েছে আগেই। কখনও বাঘিনির ভিনরাজ্যে চলে যাওয়ার খবর সামনে এসেছে। কখনও বা ভিনদেশে পাড়ি দেওয়ার জল্পনা তৈরি হয়েছে। আবার কখনও বাঘিনির অসুস্থতা নিয়েও বিভিন্ন ধরনের খবর সামনে এসেছে। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এই সমস্ত তথ্য ও গুজবের বিরুদ্ধেই এবার সরব হয়েছেন বনমন্ত্রী।
বাঘিনি যে বক্সার জঙ্গলে রয়েছে এবং স্বাভাবিকভাবে শিকার করছে, সেই দাবির স্বপক্ষে মৃত সম্বর হরিণের ছবি পোস্ট করে নিজের বক্তব্য তুলে ধরলেন তিনি।
দিনকয়েক আগে এই তথ্য প্রকাশ্য়ে আসে যে ওই বাঘিনি অন্তঃস্বত্ত্বা ছিল। গর্ভেই তার তিনটি ভ্রূণ নষ্ট হয়ে যায়। দুটি ভ্রূণ উদ্ধারও করা হয়েছে। তবে তার অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর কেন বনকর্মীরা জানতে পারলেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।