Shankar Ghosh: নিজেই রোলারের চাকায় গুঁড়িয়ে দিলেন শঙ্কর ঘোষ, বড় পদক্ষেপ রাজ্যের
Siliguri: শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান, শহরকে দূষণমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ১৮ বছরের কম বয়সি শিশু-কিশোরদের হাতে মোটরবাইক তুলে না দেওয়ার আবেদন জানান তিনি।

শিলিগুড়ি: শব্দদূষণ রুখতে এবং শিলিগুড়ি শহরকে আরও পরিবেশবান্ধব করে তুলতে বড়সড় উদ্যোগ নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। প্রায় ২০০-র বেশি মডিফাই সাইলেন্সার পাইপ রোলারের সাহায্যে গুঁড়িয়ে ধ্বংস করলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য হল, শহরকে শব্দদূষণের হাত থেকে রক্ষা করা। শুধু সাইলেন্সার ধ্বংস করেই নয়, এই ধরনের বেআইনি প্রবণতা বন্ধ করতেও কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে।
এদিন পর্যটনমন্ত্রী জানান, শিলিগুড়ি শহরের যে সব দোকানে এই ধরনের মডিফাই সাইলেন্সার পাইপ বিক্রি করা হচ্ছে, সেখানেও চালানো হবে বিশেষ অভিযান। এই অভিযান লাগাতার চলবে। অর্থাৎ, এবার শুধু বাইক চালকরাই নন, মডিফাই সাইলেন্সার বিক্রেতারাও থাকছেন প্রশাসনের নজরদারিতে।
অন্যদিকে, শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান, শহরকে দূষণমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ১৮ বছরের কম বয়সি শিশু-কিশোরদের হাতে মোটরবাইক তুলে না দেওয়ার আবেদন জানান তিনি।
তাঁর বক্তব্য, শুধু প্রশাসনের উদ্যোগে শহরকে দূষণমুক্ত করা সম্ভব নয়। এর জন্য সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সব মিলিয়ে, শব্দদূষণের বিরুদ্ধে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এই বিশেষ অভিযান কতটা সফল হয়, এখন দেখার।
