Siliguri cyber fraud racket: ভোটের আগে কী চলছিল শিলিগুড়িতে? অভিযানে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের

Siliguri cyber fraud racket busted: প্রতারকরা একটি অনলাইন পোর্টাল বা অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত। মোটা অঙ্কের লেনদেনের প্রলোভন দেখিয়ে কমিশনের আশ্বাস দিয়ে মানুষকে ওই প্ল্যাটফর্মে লগ-ইন করানো হত। এরপর ভুক্তভোগীরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ও মোবাইল নম্বর প্রদান করলে সেই তথ্য ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়া হত। টাকা ট্রান্সফারের পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি দ্রুত বন্ধ করে দেওয়া হত বলে অভিযোগ।

Siliguri cyber fraud racket: ভোটের আগে কী চলছিল শিলিগুড়িতে? অভিযানে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের
শিলিগুড়িতে সাইবার প্রতারণা চক্রImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 12, 2026 | 10:39 PM

শিলিগুড়ি: বাংলায় প্রথম দফার নির্বাচনের আর দিন দশেক বাকি। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনের মধ্যে উত্তরবঙ্গের সব কেন্দ্রগুলিতেই ভোট হবে। আর প্রথম দফার ভোটের আগেই শিলিগুড়িতে বড়সড় সাইবার প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। বহু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

শনিবার শিলিগুড়ি প্রধাননগর থানা-র একটি বিশেষ অভিযানে বড় সাফল্য মিলেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইসি বাসুদেব সরকারের নেতৃত্বে প্রধাননগরের নিবেদিতা রোড এলাকায় অভিযান চালানো হয়।সেই অভিযানে মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার হয়েছে। যার মধ্যে রয়েছে ৫৩টি এটিএম কার্ড, ১৮টি পাসবুক, ৮টি চেকবই, ১০টি মোবাইল ফোন, ৭টি প্যান কার্ড, ৪টি ভোটার কার্ড, ৮টি আধার কার্ড, একটি রাউটার ডিভাইস, ২টি কিউআর কোড স্ক্যানার এবং নগদ ৫৫০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে উঠে এসেছে, ধৃতরা একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। তদন্তে জানা গিয়েছে, তারা একটি অনলাইন পোর্টাল বা অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত। মোটা অঙ্কের লেনদেনের প্রলোভন দেখিয়ে কমিশনের আশ্বাস দিয়ে মানুষকে ওই প্ল্যাটফর্মে লগ-ইন করানো হত। এরপর ভুক্তভোগীরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ও মোবাইল নম্বর প্রদান করলে সেই তথ্য ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়া হত। টাকা ট্রান্সফারের পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি দ্রুত বন্ধ করে দেওয়া হত বলে অভিযোগ।

পুলিশের অনুমান, এই আটজনের পিছনে আরও বড় কোনও চক্র কাজ করছে। ধৃতরা প্রত্যক্ষভাবে প্রতারণায় যুক্ত থাকলেও মূল পান্ডাকে এখনও চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই ধৃতদের মধ্যে দু’জন, বছর তিরিশের রাকেশ মজুমদার (বাড়ি হাসিমারা, আলিপুরদুয়ার) এবং বছর ছাব্বিশের রাজকুমার চৌধুরী (বাড়ি কালচিনি, আলিপুরদুয়ার)-কে রিমান্ডে নেওয়া হয়েছে।

এই বিষয়ে রবিবার শিলিগুড়ি প্রধাননগর থানাতে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত তথ্য জানান ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধাননগর থানার আইসি বসুদেব সরকার সহ অন্যান্য পুলিশ কর্তারা। পুলিশের তরফে এদিন সাধারণ মানুষকে অনলাইন প্রতারণা চক্র থেকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অপরিচিত লিঙ্ক, ভুয়ো অ্যাপ বা লোভনীয় অফারের ফাঁদে না পড়ে সচেতনভাবে অনলাইন লেনদেন করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে ধৃতদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং গোটা ঘটনার গভীরে পৌঁছাতে তদন্ত অব্যাহত রয়েছে।

Follow Us