
বনগাঁ: একাধিক পেট্রোল পাম্পে তেল শূন্য। সমস্যায় চাষি থেকে শুরু করে সাধারণ মানুষ। পাম্পের সামনে পড়ল লম্বা লাইন। গ্যাস সঙ্কটে নাজেহাল অবস্থার মাঝে এবার পেট্রোল ও ডিজেলের সঙ্কট দেখা গেল উত্তর ২৪ পরগনার বনগাঁয়। সীমান্ত শহরের একাধিক পেট্রোল পাম্পের সামনে বোর্ড ঝোলানো ‘তেল নেই’। পাম্পে তেল নিতে গিয়ে ফিরে যাচ্ছেন গাড়ি চালক থেকে শুরু করে চাষিরা।
গাড়ি চালকেরা বলছেন তেল না পাওয়ায় সমস্যা হচ্ছে। অন্যদিকে কৃষকরা জানাচ্ছেন, মাঠের ধানে সবে ফলন ধরেছে, পর্যাপ্ত জল না দিতে পারলে ফলন হবে না। এই সময় পাটের বীজ ফেলার সময়। জমিতে জল না দিতে পারলে বীজ ফেলা যাবে না। আর জল দেওয়ার মেশিনের জন্যই পেট্রোল নিতে হাজির হচ্ছেন তাঁরা।
পেট্রোল পাম্পের কর্মীরা জানিয়েছেন, তিন-চার দিন ধরে তেল দিতে পারছেন না। কোম্পানিতে গাড়ি পাঠালে তেল না দিয়ে ফেরত পাঠানো হচ্ছে। তিনি বলেন, “আমরা গ্রাহকদের তেল দিতে পারছি না। তেল না পেয়ে গ্রাহকরা বেশি কথা বলে যাচ্ছে।”