
বর্ধমান: কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি হচ্ছে। এরপর বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় বেড়েছে দামোদর নদের (Damodar River) জলস্তর। আর সেই বাড়তি জলের স্রোতেই ফের দামোদর নদে ধরা পড়ল ইলিশ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বেলডাঙায় দামোদর নদে মৎস্যজীবীর জালে উঠেছে দুটি ইলিশ। তার মধ্যে একটি মাছের ওজন প্রায় ৭০০ থেকে ৮০০ গ্রাম বলে জানা গিয়েছে।
স্থানীয় মৎস্যজীবী সনাতন সরকারের জালে শনিবার সকালে মাছ দু’টি ধরা পড়েছে। প্রতিদিনের মতোই তিনি দামোদর নদে জাল ফেলেছিলেন। কিছুক্ষণ পর জাল তুলতেই দেখতে পান দু’টি ইলিশ। একটি মাছ জাল থেকে ছাড়ানোর সময় অন্য ইলিশটি কোনওভাবে জাল থেকে বেরিয়ে যায়। ফলে শেষ পর্যন্ত একটি ইলিশই হাতে পান তিনি।দামোদর নদে ইলিশ ধরা পড়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সনাতন সরকার। দীর্ঘদিন পর নদে ইলিশ ওঠায় স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল।
উল্লেখ্য, গত বছরও প্রায় দুই দশক পর পূর্ব বর্ধমানের জামালপুর এলাকায় দামোদর নদে এক মৎস্যজীবীর জালে ইলিশ ধরা পড়েছিল। প্রায় এক কেজি ওজনের সেই ইলিশকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ তৈরি হয়। নোনা জলের মাছ ইলিশ কী ভাবে দামোদরের মিষ্টি জলে চলে এল, তা নিয়েও শুরু হয়েছিল আলোচনা।
এবার ফের খণ্ডঘোষের বেলডাঙ্গায় দামোদরের জলে ইলিশ ধরা পড়ায় সেই পুরনো স্মৃতিই ফিরেছে স্থানীয়দের মধ্যে। নদীর মিষ্টি জলে ইলিশের উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল।