
গোঘাট: দোলের আগের রাতেই চন্দ্রকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পুলিশ কর্মীর। এরইমধ্যে দোলের দিনই আরও এক পথ দুর্ঘটনায় গোঘাটে মৃত্যু হল ২ জনের। আরও ১২ জনকে ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে মৃত দুই যুবকের মধ্যে একজন শ্রীমন্ত রায় (২৬)ও শ্রীমন্ত ভুঁই (২৭)। এদের প্রত্যেকেরই বাড়ি গোঘাটের শাওড়া এলাকায়। জানা গিয়েছে, একটি চারচাকা পিক আপ ভ্যানে করে তারা পশ্চিম মেদিনীপুর জেলার তাতারপুর থেকে বাড়ি ফিরছিলেন। গোঘাটের হাজিপুরের করপুকুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি একটি গাছে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় পিকআপ ভ্যানটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু চিকিৎসকেরা শ্রীমন্ত রায় ও শ্রীমন্ত ভুঁই কে মৃত বলে ঘোষণা করেন।
বাকি ১২ জনের চিকিৎসা চললেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। যদিও কামারপুকুর হাসপাতাল থেকে রেফার করা হলেও শুরুতে অ্যাম্বুলেন্স পেতে রীতিমতো বেগ পেতে হয়। অ্যাম্বুলেন্স না পাওয়ায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। শেষে কোনওমতে আশঙ্কাজনকদের কামারপুকুর হাসপাতাল থেকে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা সম্ভব হয়। খবর পেয়ে ততক্ষণে ছুটে এসেছেন পরিজনরা।