
চুঁচুড়া: সকাল হলেই বিরোধী দলের নেতাদের বাড়ি ছুটছেন তৃণমূল বিধায়ক। জল্পনা বাড়ছে চুঁচুড়া বিধানসভার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে ঘিরে। প্রশ্ন উঠেছে, প্রার্থী ঘোষণার আগে হল কী?
গত কয়েকদিন ধরে সকাল হলেই বিরোধী দলের নেতাদের বাড়িতে যাচ্ছেন তিনি। কখনও অসুস্থ পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন, আবার কখনও সিপিএম নেতার ক্যান্সার হয়েছে শুনেই তাঁর বাড়িতে ছুটছেন।
রবিবার সকালে চুঁচুড়া শ্যামবাবুর ঘাট এলাকায় প্রাক্তন কাউন্সিলর তথা ফরওয়ার্ড ব্লক নেতা প্রবীর রায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন। কথাও হয় বেশ কিছুক্ষণ। পাশে থাকার আশ্বাসও দিয়ে এসেছেন বিধায়ক।
ফরওয়ার্ড ব্লক নেতা জানিয়েছেন তৃণমূল বিধায়ক এর আগেও এলাকার সমস্যায় পাশে দাঁড়িয়েছেন। প্রবীর রায় বলেন, “আমরা বিরোধী দল করলেও ওঁর মধ্যে মানবিকতা আছে। এটাই হওয়া উচিত। রাজনৈতিক মতাদর্শের তফাৎ থাকতে পারে। তবে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো উচিত।” বিধায়ক বলছেন, “এটা সৌজন্য। অসুস্থতার খবর পেয়ে আমি দেখা করতে এসেছিলাম।”
রবিবার নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দিলে, এক-দু’দিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে তৃণমূল। সেখানে অসিত মজুমদারের নাম থাকবে কি না তা এখনও নিশ্চিত নয়। কিন্তু তার আগে নিজেকে প্রাসঙ্গিক রাখতে বিধায়ক এভাবে বিরোধী দলের নেতাদের বাড়িতে যাতায়াত করছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।