
হুগলি: আম্বেদকর মূর্তিতে মালা দিতে পারলেন না বিজেপি প্রার্থী। চাবি লুকিয়ে রাখার অভিযোগ কমিটির বিরুদ্ধে। অস্বীকার কমিটির। রিষড়া মোড়পুকুরে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করতে এসে ফিরে যেতে হল শ্রীরামপুরের বিজেপি প্রার্থীকে। ভাস্করের অভিযোগ , তিনি আসছেন দেখেই দরজায় তালা মেরে চাবি নিয়ে চম্পট দিয়েছেন। যদিও এই প্রসঙ্গে রাজনীতিতে নারাজ সংগঠনের কর্মীরা। হাতজোড় করে চেয়েও পেলেন না চাবি।
রিষড়া বাস্তুহারা বাজার থেকে প্রচার শুরু করে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। মোড়পুকুরে ব্রহ্মানন্দ মাঠের পাশেই রয়েছে আম্বেদকরের মূর্তি। অনজ্ঞ জাতি কল্যাণ কমিটির তত্ত্বাবধানে রয়েছে সেই মূর্তি। আজ বিজেপি প্রার্থী ভাস্কর সেখানে যেতেই সেই গেটে তালা দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বিজেপি প্রার্থী নিজে চাবি চাইতে যান কমিটির সদস্যদের কাছে। হাত জোড় করে চাবি চান তাদের কাছে কিন্তু তবুও কোন লাভ হয়নি । তালা না খুলতে পেরে গেটের মধ্যেই মালা ঝুলিয়ে চলে যান ভাস্কর ভট্টাচার্য।
তিনি বলেন, “আজ একটি বিশেষ দিন। আমি তাই আম্বেদকরজির মূর্তিতে মালা দিতে এসেছিলাম। এখানে গুটিকয়েক ব্যক্তি রয়েছেন দেখলাম, আমি আসার আগেই গেটে তালা দিয়ে চলে গেলেন। আমি নিজে গিয়ে তাঁদের কাছে চাবি চাইতে গেলাম কিন্তু তাঁরা চাবি দিলেন না। আমি বুঝতে পারলাম এই সরকার যতদিন এখানে থাকবে আম্বেদকরজি কেন যত মনীষী রয়েছেন, সবাই এরকম গৃহবন্দি হয়ে থাকবেন।”
সেই কমিটির এক সদস্য বলেন, “এই মূর্তি অনগ্র জাতি কল্যাণ সমিতির। আমরা এখানে কোন পলিটিকাল লোককে ঢুকতে দেব না। গত তিন বছর ঠিক একই কাজ হয়েছে, আমরা এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি তারা এসে জয় শ্রীরাম বলে পতাকা তুলে দিয়ে চলে গেলেন। আমি ওনাকে বলেছিলাম আপনি একা যেতে পারেন কোন রাজনৈতিকভাবে আমরা ঢুকতে দেব না।”
রিষড়া তৃণমূল কংগ্রেসের শহরের সহ-সভাপতি শুভজিৎ সরকার বলেন, “ব্রহ্মানন্দ্র মাঠে এই বক্তৃতা ছিল আমি কাউন্সিলার থাকার সময় দিল্লি থেকে পারমিশন করিয়ে নিয়েছে পৌরসভার সহযোগিতায় মাঠের পাশে মূর্তিটিকে স্থাপন করি। এই জায়গায় কোন পলিটিক্যাল রং লাগার বিষয় নেই, আমাদের তৃণমূল প্রার্থী এলেও আমি সেখানে তাদেরকে নিয়ে যাই না কারণ এটা নির্দিষ্ট কমিটি রয়েছে তাদের তত্ত্বাবধানে রয়েছে। উনি এটা সস্তার পলিটিক্স করছেন।”