Santu Pan: ‘ছটপুজো নিয়ে আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান’, হুঁশিয়ারি সন্তু পানের

Santu Pan on Chhath Puja: বিধায়ক বলেন, "এই পশ্চিমবঙ্গে যখন মা দুর্গার মূর্তি ভাঙা হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? মা কালীকে যখন প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? যখন ফিরহাদ হাকিম কলকাতার বুকে দাঁড়িয়ে বলেছিলেন, যাঁরা ওঁদের ধর্মের নন, যাঁরা সনাতনী হিন্দু তাঁরা নাকি দুর্ভাগা, তখন আপনি কোথায় ছিলেন?"

Santu Pan: ছটপুজো নিয়ে আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান, হুঁশিয়ারি সন্তু পানের
সন্তু পানImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 15, 2026 | 3:49 PM

কলকাতা: ‘ছটপুজো নিয়ে আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান!’ সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে কড়া বার্তা বিজেপি বিধায়ক সন্তু পানের (Santu Pan)। রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকী একাধিক রেলস্টেশনেও ছটপুজো (Chhat Puja) উপলক্ষে ছটের গান বাজানো হচ্ছে। বাঙালি সংস্কৃতির প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ও সমালোচনা শুরু হয়েছে। এবার সেই সমালোচনারই পাল্টা জবাব দিলেন বিজেপি বিধায়ক (BJP MLA Santu Pan)। তাঁর দাবি, বাঙালি ও অবাঙালির মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়ো পোস্ট করেন সন্তু পান। ক্যাপশনে লেখেন, ‘ছটপুজো নিয়ে আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান’। বিধায়ক  বলেন, “ছটপুজোয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ মেতে উঠছেন, অথচ একাংশের দাবি, এটি নাকি পশ্চিমবঙ্গ বা বাঙালির সংস্কৃতি নয়।” যাঁরা এমন কথা বলছেন, তাঁদের উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়ে দেন তিনি। তাঁর অভিযোগ, রাজ্যে দুর্গার মূর্তি ভাঙা, মা কালীকে প্রিজন ভ্যানে তোলা কিংবা সনাতনী হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্যের সময় এই সমালোচকদের দেখা যায়নি। অথচ ছটপুজো উপলক্ষে গান বাজানো বা পুজোর আয়োজন হলেই বাঙালি সংস্কৃতির প্রসঙ্গ তুলে আপত্তি জানানো হচ্ছে।

কী বললেন বিধায়ক?

বিধায়ক বলেন, “এই পশ্চিমবঙ্গে যখন মা দুর্গার মূর্তি ভাঙা হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? মা কালীকে যখন প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? যখন ফিরহাদ হাকিম কলকাতার বুকে দাঁড়িয়ে বলেছিলেন, যাঁরা ওঁদের ধর্মের নন, যাঁরা সনাতনী হিন্দু তাঁরা নাকি দুর্ভাগা, তখন আপনি কোথায় ছিলেন? আজ যখন ফেসবুকে লিখছেন, বাঙালি-অবাঙালিকে ভাগ করার চেষ্টা করছেন। গোটা পশ্চিমবঙ্গের মানুষ একসঙ্গে থাকার চেষ্টা করছেন, তাতে আপনাদের আপত্তি। কিন্তু, তাতে আপত্তি নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রামধনু-কে রঙধনু করে দেন। তখন বাঙালি সংস্কৃতির কথা মনে পড়ে না?”

‘আপনারাই এই সমাজের কীট’

শ্রাবণী মেলার প্রসঙ্গ টেনেও নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দেন সন্তু পান। বলেন, “আমাদের সরকার আসার পর শ্রাবণী মেলা করেছিলাম। ১ কোটি ১০ লক্ষ পূণ্যার্থী এই তারকেশ্বরের মাটিতে এসেছিলেন। সবাই এক রয়েছে। কিন্তু আপনারাই এই সমাজের কীট। যাঁরা সোশ্যাল মিডিয়ায় বাঙালি-অবাঙালি ভাগ করতে চাইছেন। তাঁদের বিরুদ্ধে যে লড়াই সনাতনী হিন্দুরা লড়েছে। চার তারিখে তার রেজাল্ট পেয়েছেন।”

সন্তু আরও বলেন, “এই পশ্চিমবঙ্গের মানুষ, এই ভারতের মানুষ আমরা প্রত্যেকে ভারতবাসী। আমরা সনাতনী হিন্দু বাঙালিরা সবাই একজোট হয়ে আছি।” শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, “আমরা সনাতনী হিন্দু বাঙালিরা সবাই একজোট হয়ে আছি। কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন, তাহলে বাঙালির হোমল্যান্ডের জন্য কেউ দাবিও করতেন না। আজ বাংলাদেশে বসে থাকতে হত। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পার্টি ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে চলবে। সবার জন্য চলবে। উন্নয়নের জন্য চলবে। সবার উৎসবের জন্য চলবে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us