
উত্তরপাড়া: পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটির মেয়ে তিনি। বাবা-মা সিপিএমের সদস্য। তিনিও কলেজ জীবন থেকেই বাম পতাকা কাঁধে তুলে নেন। তাঁর মেঠো কথায় উজ্জীবিত হন সিপিএম কর্মী সমর্থকরা। একুশের নির্বাচনে হাইভোল্টেজ নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন। আর এবার লড়ছেন হুগলির উত্তরপাড়া থেকে। মনোনয়ন জমা দিয়েছেন। সেই মনোনয়নপত্রে নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে কী জানিয়েছেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়? তাঁর আয়ের উৎসই বা কী? দেখে নেওয়া যাক, কী বলছে মীনাক্ষীর জমা দেওয়া হলফনামা…
শনিবার শ্রীরামপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন মীনাক্ষী মুখোপাধ্যায়। হলফনামায় নিজের গত পাঁচ অর্থবর্ষে আয়ের জায়গায় ‘NIL’ লিখেছেন তিনি। অর্থাৎ তাঁর আয় শূন্য বলে জানিয়েছেন।
অস্থাবর সম্পত্তির হিসেব দিতে গিয়ে মীনাক্ষী জানিয়েছেন, তাঁর হাতে নগদ ২ হাজার টাকা রয়েছে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাঁর। সিপিএম এই প্রার্থীর নামে জীবনবিমা রয়েছে। তাঁর কি নিজের কোনও গাড়ি রয়েছে? হলফনামায় মীনাক্ষী জানিয়েছেন, ২০১৪ সালে একটি মোটর বাইক কেনেন তিনি। উত্তরপাড়ার সিপিএম এই প্রার্থীর কোনও গয়না নেই। সবমিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫ লক্ষ ৭৮ হাজার ৪৫৬ টাকা।
নিজের স্থাবর সম্পত্তির হিসেব দিতে গিয়ে মীনাক্ষী জানিয়েছেন, তাঁর নামে কোনও কৃষিজমি নেই। তাঁর নামে কোনও বাড়ি নেই। সবমিলিয়ে নিজের স্থাবর সম্পত্তি শূন্য বলে জানিয়েছেন। নিজের পেশা হিসেবে সমাজকর্মী লিখেছেন বছর বিয়াল্লিশের মীনাক্ষী। আর আয়ের উৎস হিসেবে লিখেছেন সিপিএম থেকে পাওয়া ভাতা। নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তিনি জানিয়েছেন, ২০০৭ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেন তিনি। ২০১০ সালে বিএড পাশ করেন।