
হুগলি: নাকা তল্লাসিতে বাজেয়াপ্ত দশ লক্ষ টাকার সোনা! বেঙ্গালুরু থেকে বারুইপুর হয়ে নবদ্বীপ যাচ্ছিল সোনা। তদন্তে এমনই চাঞ্চল্যকর উঠে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার বিকাল সাড়ে তিনটে নাগাদ গুপ্তিপাড়া বাধাগাছি মীরডাঙার কাছে এসটিকেকে রোডে নাকা তল্লাশি চালাচ্ছিল কমিশন।কেন্দ্রীয় বাহিনী পুলিশ নিয়ে সেই তল্লাশি চালানোর সময় একটি চার চাকা গাড়ি আটক করা হয়।
পুলিশ জানাচ্ছে, গাড়িতে চালক ছাড়া একজন যুবক যাত্রী ছিলেন। যুবকের কাছে থাকা একটি কালো ব্যাগে তল্লাশি চালিয়ে একটি বাক্সে সোনার গহনা পাওয়া যায়। সোনার নেকলেস পেনডেন্ট ছিল তাতে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, বাড়িতে ছিল গয়না। তারপর বলেন বারুইপুর থেকে নিয়ে নবদ্বীপ যাচ্ছেন।
যদিও গয়নার কোনও ক্যাশ মেমো বা কাগজ দেখাতে পারেননি যুবক। নাকার দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট দীপ্তেশ চৌধুরী জানান, রাস্তায় সন্দেহভাজন সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে কমিশনের নির্দেশ মেনে। বেআইনি টাকা অস্ত্র সোনা নিয়ে যাওয়া হচ্ছে কিনা তা দেখা হচ্ছে। সেই মত এসটিকেকে রোডে তল্লাশি চলছিল। একটি গাড়ি থেকে সত্তর গ্রামের কিছু বেশি সোনা আটক করা হয়েছে। পুলিশ আধিকারিকরা স্থানীয় জুয়েলারি দোকান থেকে ওজন করার যন্ত্র নিয়ে এসে মাপেন। সঠিক কোনও কাগজ দেখাতে না পারায় সোনার গয়না সিজ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওই যুবককে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে গয়না বারুইপুর হয়ে নবদ্বীপ যাচ্ছিল। যে ডিজাইনের গহনা তা বাংলায় দেখা যায় না বলে সন্দেহ গাঢ় হয়।