
হুগলি: স্কুলের মধ্যেই ফ্যানে গামছা লাগিয়ে গলায় ফাঁস লাগানোর চেষ্টা করছেন এক যুবক! সেটা লাইভ হচ্ছে! প্রতিবেশীদের তৎপরতায় শেষ মুহূর্তে প্রাণ বাঁচল তাঁর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া ভদ্রকালী হাই স্কুলে। পরে খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে যুবকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থতার কারণে ওই স্কুলের কেয়ারটেকার রাতে ডিউটিতে আসতে না পারায় তাঁর ছেলেই স্কুল পাহারা দেওয়ার দায়িত্ব সামলাতে এসেছিলেন। কিন্তু গভীর রাতে আচমকাই তিনি স্কুলের একটি ঘরে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং সেই পুরো ঘটনাটি ফেসবুকে লাইভ করতে শুরু করেন।
সামাজিক মাধ্যমে সেই লাইভ ভিডিয়ো হঠাৎই কিছু প্রতিবেশী ও জানাশোনা মানুষের নজরে আসে। বিষয়টি দেখেই কালবিলম্ব না করে তাঁরা তড়িঘড়ি স্কুলের দিকে ছুটে যান। দ্রুত ঘরের ভেতরে ঢুকে তাঁরা ওই যুবককে ফাঁস থেকে মুক্ত করে উদ্ধার করেন। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং যুবকটিকে চিকিৎসার জন্য উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কী কারণে ওই যুবক এই চরম সিদ্ধান্ত নিতে গেলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুরো বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি স্কুল কর্তৃপক্ষ।