
গোঘাট (হুগলি): মেয়েকে হারিয়েছেন আজ প্রায় দু’বছর। সেই শোক ভোলার মতো নয়। কিন্তু তারপর যে মায়ের জীবনেও এমন ভয়ঙ্কর সমস্যা তৈরি হবে কেউ আশা করেননি। যার ফল ভুগতে হচ্ছে এখনও। শুধুমাত্র নার্সিংহোমের একটি ভুলে মৃত মেয়ের পরিবর্তে মায়ের আধার কার্ডে মৃত্যুর তথ্যের লিঙ্ক। জীবিত থেকেও সরকারি নথিতে মৃত বিনিতা পাল। পঞ্চায়েত থেকে কলকাতার আধার দফতর, আড়াই বছর ধরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও মেলেনি সমাধান। এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হুগলির গোঘাটের কুমুড়সা অঞ্চলের পাতুলসাড়া এলাকা।
জীবিত স্ত্রী সরকারি নথিতে মৃত। আর সেই স্ত্রীকেই কখনও গ্লাসে করে জল খাওয়াচ্ছেন স্বামী। আবার কখনও বাড়ির রান্নাঘরে সংসারের কাজ সামলাচ্ছেন তিনি। অথচ সরকারি খাতায় তাঁর অস্তিত্ব নেই। প্রায় আড়াই বছর ধরে এমনই অদ্ভুত ও দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন বিনিতা ও তাঁর পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাতুলসাড়া এলাকার বাসিন্দা দিলীপ পালের স্ত্রী বিনতা পাল। অভিযোগ, ২০২৪ সালে তাঁদের মেয়ে চিকিৎসার জন্য আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, মেয়ের মৃত্যুর পরিবর্তে ভুলবশত বিনতার নামে মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়। এর জেরেই আধার সংক্রান্ত সরকারি নথিতে মাকে মৃত হিসেবে দেখানো শুরু হয়। পরবর্তীকালে পরিবারের পক্ষ থেকে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে মৃত্যুর শংসাপত্র সংশোধন করে দেওয়া হয় বলে দাবি পরিবারের। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। আধার কার্ডে মৃত্যুর তথ্য সংশোধন না হওয়ায় আজও সরকারি নথিতে মৃত হিসেবেই রয়ে গিয়েছেন জীবিত বিনিতা।
এই সমস্যা সমাধানের আশায় পঞ্চায়েত, বিডিও, এসডিও, পোস্ট অফিস থেকে শুরু করে কলকাতার আধার দফতরের প্রধান কার্যালয় পর্যন্ত ছুটেছেন পরিবারের সদস্যরা। কিন্তু আড়াই বছর পেরিয়ে গেলেও মেলেনি কোনও স্থায়ী সমাধান। এর ফলে একের পর এক সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বিনিতা পাল। এমনকী, পরিবারের সদস্যদের আয়ুষ্মান কার্ডও এই সমস্যার কারণে বাতিল হয়ে গিয়েছে বলে অভিযোগ। পরিবারের দাবি, এভাবে চলতে থাকলে আগামী দিনে আরও বড় সমস্যার মুখে পড়তে হবে তাঁদের। পরিবারের পক্ষ থেকে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ভুল এন্ট্রির বিষয়টি স্বীকার করা হয়েছে বলে অভিযোগ। পরিবারের দাবি, নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছেন, এন্ট্রি করার সময় ভুল হয়েছিল। মৃত্যুর শংসাপত্র সংশোধন করে দেওয়া হয়েছে। আধার সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা চলছে, পাশাপাশি পরিবারকেও চেষ্টা চালিয়ে যেতে বলা হয়েছে। অভিযুক্ত নার্সিংহোমের কর্মী আশিস মণ্ডল বলেন, “অনলাইনে নাম তোলার সময় মেয়ের নাম ঠিকই লিখেছিলাম। মেয়ের আধার কার্ডের সময় মায়ের আধার নম্বর বসে যায়। সেটা পুরসভায় এন্ট্রি করে দিয়েছিলাম।”
অন্যদিকে, নার্সিংহোম কর্তৃপক্ষ মৃত মেয়ের পরিবর্তে মায়ের আধার কার্ডের সঙ্গে মৃত্যুর তথ্য যুক্ত হওয়ার বিষয়টি স্বীকার করলেও এই ভুলের জন্য পৌরসভার দিকে আঙুল তুলেছেন। বিনিতা পাল বলেন, “মেয়ে মারা গিয়েছে ২ বছরের কাছাকাছি। আর ওরা আমায় মৃত দেখিয়ে দিল।”