
শ্রীরামপুর: পুজোর আগেই নতুন ঠিকানায় ফিরল শ্রীরামপুরের ঐতিহ্যবাহী পশুপাখির হাট। সোমবার উইলিয়াম কেরি রোডে, তিন নম্বর ঘাটের পাশে, ইন্ডিয়া জুট মিলের ঠিক উল্টো দিকে হাটের উদ্বোধন করেন শ্রীরামপুরের বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল থেকে ঢিল ছোড়া দূরত্বে নতুন এই জায়গায় হাট চালু হওয়ায় খুশি ব্যবসায়ীরা।
আগে রায়ঘাটে বসত এই হাট। পরে শ্রীরামপুর স্টেডিয়ামের পাশে টেনিস ক্লাবের উল্টো দিকে হাট সরানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ওই জায়গা পছন্দ ছিল না ব্যবসায়ীদের। শেষ পর্যন্ত তাঁদের পছন্দের জায়গাতেই হাট চালু হল। বিধায়কের দাবি, নতুন জায়গাটি সরকারি জমি কি না, তা ভূমি ও ভূমি সংস্কার দফতরের মাধ্যমে নিশ্চিত করার পরেই স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভাস্কর বলেন, “পুজোর আগেই হাটের ব্যবসায়ীদের এই জায়গা দিতে চেয়েছিলাম, যাতে পুজোর সময় অন্তত কয়েকটি পরিবারের মুখে হাসি ফোটে।” তাঁর কথায়, আগের জায়গা নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের আপত্তি ছিল। সকালে যাঁরা সেখানে প্রাতঃভ্রমণ করেন, তাঁদেরও নতুন জায়গাটির বিষয়ে ইতিবাচক মত ছিল।
হাটের সেক্রেটারি সৌভিক ঘোষ বলেন, “পুজোর আগে নতুন জায়গা পাওয়া তাঁদের কাছে অবিশ্বাস্য উপহার। বিধায়ক তাঁদের অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছেন।” তাঁর কথায়, “শ্রীরামপুরের ঐতিহাসিক গর্ব এই হাট। পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে আবার হাটে আসার অনুরোধ করছি।” আগামী রবিবার, দুর্গাপুজোর সপ্তমীর দিন থেকে থেকে প্রতি রবিবার হাট বসবে বলে জানান তিনি।
অন্য দিকে, শ্রীরামপুর বেড মার্কেটের ট্রেজারার সুকুমার চ্যাটার্জী জানান, হাট বন্ধ হওয়ার নেপথ্যে আদালতের নির্দেশ সংক্রান্ত বিষয় ছিল। প্রয়োজনীয় কাগজপত্র থাকায় তাঁরা সেই সমস্যা কাটিয়ে উঠতে পেরেছেন। নতুন জায়গা পাওয়াকে সুবর্ণ সুযোগ বলে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগের মতোই ক্রেতাদের সাড়া মিলবে।