
হুগলি: বেআইনি গরুপাচারের অভিযোগ। হুগলির গুড়াপ থানার পুলিশ রুখল গরুপাচার। গ্রেফতার পাঁচ। জানা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে হুগলি গ্রামীণ পুলিশের গুড়াপ থানা এলাকার জাতীয় সড়কে বিশেষ অভিযান চালানো হয়। সেই সময় দু’টি গবাদি পশু বোঝাই গাড়ি আটক করে। পাঁচ জনকে গ্রেফতার করে গুড়াপ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে গুড়াপ থানা এলাকায় রাস্তায় টহল দিচ্ছেলেন পুলিশ কর্মীরা। সেই সময় তাঁরা খবর পান দু’টি গাড়িতে করে ১৯ নং জাতীয় সড়ক ও ২৩ নং রোড দিয়ে অবৈধভাবে গবাদিপশু নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই পুলিশ গাড়ি দু’টি আটকে তল্লাশি চালায়। দশটি গবাদি পশু উদ্ধার করে। গাড়ি দু’টিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি পাচারের সঙ্গে যুক্ত পাঁচ জনকে গ্রেফতার করে গুড়াপ থানার পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, গবাদিপশু গুলি পূর্ব বর্ধমানের জামালপুর এলাকা থেকে আনা হচ্ছিল। তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে তোলা হয়েছে।