Hooghly: ৮০-৯০ বস্তা আলু নিয়ে চরম বিপাকে পড়েছে ওরা, এলাকায় নামাতে হল সেন্ট্রাল ফোর্স

ভোটের আগেই উৎপাদিত আলু নিয়ে দিকে দিকে আলু চাষিরা ক্ষুব্ধ। বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরাও আলু চাষিদের দাবিকে মান্যতা দিয়ে প্রচার শুরু করে দিয়েছেন। আরামবাগ মহকুমা এলাকাটি কৃষি প্রধান এলাকা হওয়ায় স্বাভাবিকভাবেই আলুর দাম না মেলায় ক্ষুব্ধ এলাকার মানুষজন।

Hooghly: ৮০-৯০ বস্তা আলু নিয়ে চরম বিপাকে পড়েছে ওরা, এলাকায় নামাতে হল সেন্ট্রাল ফোর্স
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 21, 2026 | 2:07 PM

গোঘাট: চরম সমস্যায় পড়েছেন আলু চাষিরা। স্থানীয় হিমঘরে আলু সংরক্ষণের দাবিতে হিমঘরের সামনে বিক্ষোভ দেখান কৃষকরা। বিক্ষোভ সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করতে হল। নামাতে হল কেন্দ্রীয় বাহিনী। বস্তা বস্তা আলু নিয়ে মাথায় হাত পড়েছে কৃষকদের। হিমঘরে হুগলির গোঘাটের হাজিপুরের ঘটনা।

শনিবার সকাল থেকে স্থানীয় আলু চাষিরা হিমঘরে সংরক্ষণের দাবি জানিয়ে সরব হন। হিমঘরের সামনে বিক্ষোভ দেখান আলু চাষিরা। তাঁদের দাবি, গত বছর বাইরের রাজ্যে আলু পাঠাতে পারেনি ব্যবসায়ীরা। তাই কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবারও আলুর দাম একবারে তলানিতে এসে ঠেকেছে।

গোঘাটের হাজিপুর সীমান্তবর্তী এলাকার কয়েক কিলোমিটার দূরেই পশ্চিম মেদিনীপুরের তাতারপুর সহ কয়েকটি জায়গায় চাষিরা আলু রাখতে পারেননি। অথচ অন্যান্য জেলার আলু হাজিপুরের স্থানীয় হিমঘরে ঢুকে যাচ্ছে বলে অভিযোগ। তাই রাত থেকেই কৃষকরা আলু নিয়ে স্থানীয় হাজিপুরের হিমঘরে দলবদ্ধভাবে হাজির হন।

কৃষকদের দাবি, তাঁদের উৎপাদিত আলু তাঁদেরই স্থানীয় হিমঘরে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এই নিয়েই রাত থেকে আলু চাষিরা, হিমঘরের সামনে জড় হয়েছেন। পরিস্থিতি এতটাই জটিল হয়েছে হিমঘরে পুলিশ মোতায়েন করতে হয়। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশও টোকেন সিস্টেমে চাষিদের বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করছেন।

ভোটের আগেই উৎপাদিত আলু নিয়ে দিকে দিকে আলু চাষিরা ক্ষুব্ধ। বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরাও আলু চাষিদের দাবিকে মান্যতা দিয়ে প্রচার শুরু করে দিয়েছেন। আরামবাগ মহকুমা এলাকাটি কৃষি প্রধান এলাকা হওয়ায় স্বাভাবিকভাবেই আলুর দাম না মেলায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। গতকালই খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ সরাসরি মাঠে কৃষকদের কাছে গিয়ে ভোট প্রচার করেছেন। কৃষকদের দুর্দশার কথা শুনেছেন তারপরেই হানা দিয়েছিলেন স্থানীয় হিমঘরে।

শেষ পর্যন্ত এদিন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশি হস্তক্ষেপে প্রত্যেক কৃষকদের কাছ থেকে ৫০ বস্তা করে আলু সংরক্ষণ করবে হিমঘর কর্তৃপক্ষ তার জন্য টোকেন দেওয়া হচ্ছে। হিমঘরের সামনে চাষীদের লাইন পড়েছে টোকের নেওয়ার জন্য। যদিও বিঘা প্রতি উৎপাদন ৮০-৯০ বস্তা। এক একজন গড়ে ৪-৫ বিঘা করে আলু চাষ করে। যদিও গোঘাটের হাজিপুর এলাকাটি আরামবাগের সাংসদ মিতালি বাগের এলাকা। আর সেই এলাকাতেই ক্ষুব্ধ আলু চাষিরা।

Follow Us