
পুরশুড়া: পঞ্জাব থেকে আনা আলু বীজ বোঝাই ট্রাক রয়েছে আটকে। এর জেরে বিপাকে চালকরা। আলু পচে যাওয়ার আশঙ্কায় চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে। ট্রাক ভাড়া মেটানোর টাকা নেই বলছেন ব্যবসায়ীরা।
বিগত ৫ থেকে ৬ দিন ধরে আটকে রয়েছে ট্রাক। সেই কারণে চরম দুর্দশার মুখে পড়েছেন চালকরা। জানা গিয়েছে, এই ট্রাকগুলি পঞ্জাবের খান্না থেকে আসছিল। ট্রাকের ভিতরে ছিল চন্দ্রমুখি,পোখরাজ, কলম্বো ও হাইব্রিড জাতের বীজ আলু। তবে, গত ২৭ তারিখ লোড হওয়ার পর ৩০ তারিখের মধ্যে পৌঁছানোর কথা থাকলেও, বর্তমানে বিভিন্ন জায়গায় ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে।
চালকদের অভিযোগ, গত ৫-৬ দিন ধরে ট্রাক আটকে থাকলেও সংশ্লিষ্ট মহলের তরফ থেকে কোনো রকম সুরাহা বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘ দিন ধরে ট্রাক দাঁড়িয়ে থাকায় বৃষ্টির কারণে আলুবীজ নষ্ট হতে শুরু করেছে এবং আলুতে কালচে ভাব ধরতে শুরু করেছে।
চালকদের আরও দাবি, তাদের ভাড়ার টাকা থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আটকে রাখা হয়েছে। বীজ আলু ট্রাকের ভাড়া মেটানো হয়নি ফলে পার্কিংয়ের তাদের এভাবে আটকে রাখা হয়েছে। বারবার ফোন করা হলেও কোনও সদুত্তর মিলছে না বলে অভিযোগ তুলেছেন অমরজিৎ সিং ও গুরবিন্দর সিংয়ের মতো ক্ষুব্ধ ট্রাক চালকরা। দ্রুত এই সমস্যার সমাধান না হলে সমস্ত আলুবীজ সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
যদিও ব্যবসায়ীদের দাবি পঞ্জাব থেকে নির্দিষ্ট সময়েই আলো বীজ এসে পৌঁছলেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিছুটা হলেও চাষ পিছিয়ে গিয়েছে। কৃষকদের আলুর দাম না থাকায় তারা চাষ থেকে বিমুখ। তারাও হিমঘরে আলু মজুত করে ক্ষতিগ্রস্ত। ফলে আত্মিক সংকটের মুখে আলু ব্যবসায়ীরা। ফলে বীজ আলোর ট্রাকের ভাড়া মেটাতে পারছেন না। তাই ট্রাকগুলি বীজ আলু নিয়ে দাঁড়িয়ে আছে পাঁচ সাত দিন। তবে আলু বীজের পচনের আশঙ্কা করছেন ব্যবসায়ীরাও।