
হুগলি: পুলিশের নাক ফাটিয়ে শ্রীরামপুরে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর! পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর টিন বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালা বন্ধ ছিল। সেই তালা খুলতে যায় পুলিশ। শ্রীরামপুর থানার পিসি পার্টির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন। অভিযোগ,শ্রীরামপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ শা ওরফে কুকুয়া তালা খুলতে বাধা দেন।পুলিশের সঙ্গে এনিয়ে বচসার বাধে। অভিযোগ, আচমকাইই নটরাজ নামে একজন ASI-এর নাকে ঘুষি মারেন কাউন্সিলর। নাক ফেটে রক্ত পড়তে থাকে। রাজেশ শা-সহ তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।
শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, “পুলিশ কোন রং না দেখে ব্যবস্থা নেবে।এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হোক এটাই আমরা চাই।পুলিশ তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করবেন কাকে গ্রেফতার করবেন সেটা তাদের ব্যাপার, এখানে আমরা কোন ইন্টারফেয়ার করব না। মানুষ চায়, এলাকায় যেন শান্তি থাকে।”
তৃণমূল কাউন্সিলর রাজেশ শ্রীরামপুর থানা থেকে আদালতে যাওয়ার পথে বলেন, “পাড়ায় সমাধানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হয়েছিল। সেটা দখল নিতে চেয়েছিল বিজেপি সিপিএম। এই নিয়ে একটা ঝামেলা হয়। কিন্তু কারোর গায়ে হাত দিইনি। আমি আর আমার স্ত্রীর ওয়ার্ডে লিড হয়েছে, তাই সেই রাগ থেকে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হল।” এদিকে, আহত ASI-এর চিকিৎসা হয়েছে হাসপাতালে।