
হুগলি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজে সচেতন করেছেন, কোনওভাবেই তোলাবাজি বরদাস্ত করা হবে না। সে যদি তাঁর নিজের পরিবারেরও সদস্য হন, আর তাঁর নাম করে টাকা চান, তাও যাতে কেউ কোনও টাকা না দেন। এলাকার বাসিন্দাদের সচেতন করেছেন সুমনা সরকার। কিন্তু এবার তাঁর ভাইয়ের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ। তাও অভিযোগ উঠল দলেরই অন্দর থেকে। হুগলি সাধারণ সম্পাদক সন্দীপ সাধুখাঁ বললেন, “ওনার ভাইকে দিয়ে করাচ্ছে আর তিন দিন অন্তর ফেসবুক লাইভ করে বলছে কেউ কোথায় তোলাবাজি করবেন না।।”
সাংবাদিকদের ডেকে ঠিক কী অভিযোগ তোলেন সন্দীপ?
সুমনার পরিবারের একটি ছবি তিনি সাংবাদিকদের সামনে দেখান। সেই ছবি সুমনার বাঁ দিকে যাঁকে দেখা যায়, তিনি তাঁর ভাই। তাঁর উদ্দেশ্য করে তিনি বলেন, “এ হচ্ছে বামন সরকার। তৃণমূলের হার্মাদ। ওকে শপথগ্রহণ অনুষ্ঠানের দিন নিয়ে গিয়েছে। যত রকম নোংরামি ওঁর ভাইকে দিয়ে করাচ্ছে। তিনটে ফ্যাক্টরিতে ঢোকাচ্ছে, টাকা পয়সা তোলাচ্ছে। উনি ওনার ভাইকে দিয়ে করাচ্ছে আর তিন দিন অন্তর ফেসবুক লাইভ করে বলছে কেউ কোথায় তোলাবাজি করবেন না। এদিকে নিজের ঘরেই তোলাবাজি করাচ্ছে। নিজের ভাই তোলাবাজি করছে।”
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে শুরু করে, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এমনি, সুকান্ত-দিলীপও স্বীকার করেছেন, তোলাবাজির অভিযোগ এখনও কিছু কিছু জায়গা থেকে আসছে। তা সম্পূর্ণ বন্ধ করা যায়নি। তৃণমূল সরকারের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতির ইস্যুতে সরব হয়েই বদলের বাংলার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছে বিজেপি। সেখানে দাঁড়িয়ে এই ধরনের অভিযোগে অস্বস্তিতে দল।
বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, বিজেপির কোনও কর্মী বা নেতা, সেটা সরকার গঠনের আগে হোক কিংবা পরে, তোলাবাজির সঙ্গে যুক্ত থাকতে পারে না। পার্টি কোনওরকমের তোলাবাজিকে বরদাস্ত করে না। তোলাবাজি করে এরকম কাউকে দল রাখবে না। আমি অস্বীকার করছি না, কিছু ক্ষেত্রে বিচ্যুতি দেখা গিয়েছে। আমরা ব্যবস্থা নিয়েছি। মন্ত্রী বলাগড়ে যে কথা বলেছেন, তার সঙ্গে দল একমত।
উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠান থেকে কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্নীতি, তোলাবাজিতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যা করার তাই করা হবে। তাঁর নাম করে কেউ টাকা চাইলে, সরাসরি অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। এই বিষয়ে বলেন, “দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স। কোনও দুর্নীতি করা যাবে না। যে যত বড় মাপের বলাগড় বিধানসভা কেন্দ্রের নেতা হোন না কেন, কোনও দুর্নীতি আমি করতে দেব না। দুর্নীতি বন্ধ করতে গেলে যতদূর আমাকে নামতে হয়, আমি ততদূর নেমে লড়াই করব।”