Rudranil Ghosh : মাথায় ঋণের বোঝা, রয়েছে বিলাসবহুল গাড়ি, কত সম্পত্তির মালিক রুদ্রনীল?

WB Assembly Election 2026 : হলফনামা অনুযায়ী, রুদ্রনীল ঘোষের হাতে নগদ রয়েছে মাত্র ১০ হাজার টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে চারটি। রুদ্রনীলের হলফনামা অনুযায়ী, তাঁর মোট ঋণের পরিমাণ ৭০ লক্ষের বেশি। এর মধ্যে বাড়ির জন্য লোন রয়েছে ৫৯ লক্ষ ১০ হাজার ৬৭৪ টাকা। গাড়ির লোন রয়েছে ১৪ লক্ষ ৩ হাজার ১৬৬ টাকা।

Rudranil Ghosh : মাথায় ঋণের বোঝা, রয়েছে বিলাসবহুল গাড়ি, কত সম্পত্তির মালিক রুদ্রনীল?
রুদ্রনীল ঘোষImage Credit source: Tv9 Bangla

Apr 09, 2026 | 6:13 PM

হাওড়া: টলিপাড়ার অভিনেতা। সিরিয়াল থেকে সিনেমা…সব ক্ষেত্রেই তাঁর অবাধ যাতায়াত। তবে, তাঁর যাত্রা শুধু টলিউডে থমকে থাকেনি। কাজ করেছেন বলিউডেও। প্রথম পরিচিতি অভিনেতা হিসেবে। তবে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। কথা হচ্ছে রুদ্রনীল ঘোষকে নিয়ে। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র সংগঠনের নেতা ছিলেন। ২০১১ সালে রাজ্যে পালাবদলের সময় তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তবে ২০২১ সালে বিজেপি-তে যোগদান করেন। ওই বছর ভবানীপুর কেন্দ্রে বিজেপির টিকিটে লড়াই করেন। ২০২৬ সালের বিধানসভা ভোটে তাঁকে আবারও টিকিট দিয়েছে বিজেপি। লড়ছেন শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে। সম্প্রতি মনোনয়ন জমা দিয়েছেন। হলফনামায় নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব দিয়েছেন। বছর ৫৩-র রুদ্রনীল ঠিক কত সম্পত্তির মালিক? কী রয়েছে হলফনামায়? জেনে নেওয়া যাক

আয়

হলফনামায় নিজের গত পাঁচ অর্থবর্ষে আয়ের হিসেব দিয়েছেন রুদ্রনীল ঘোষ। হলফনামার তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৩৪ লক্ষ ৯১হাজার টাকা। পরের অর্থবর্ষ অর্থাৎ ২০২১-২২-এর আয় উল্লেখ করেননি রুদ্রনীল। ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় অনেকটা কমে যায়। ওই অর্থবর্ষে তাঁর আয় ছিল ৬ লক্ষ ৭৩হাজার ৭৬০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় একলাফে বেড়ে যায়। ওই অর্থবর্ষে তাঁর আয় ছিল ৮লক্ষ ২৭হাজার ৭০ টাকা। তবে, পরের অর্থবর্ষ ২০২৪-২৫-এ আয় আরও বাড়ে। এই অর্থবর্ষে তাঁর আয় ছিল ২২লাখ ২হাজার ৯১০ টাকা।

অস্থাবর সম্পত্তি

হলফনামা অনুযায়ী, রুদ্রনীল ঘোষের হাতে নগদ রয়েছে মাত্র ১০ হাজার টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে চারটি। একটি ব্যাঙ্কে রয়েছে ৩৭ হাজার ৯৮৪ টাকা। আরেকটি অ্যাকাউন্টে রয়েছে ৪৩ হাজার ৩৯৭ টাকা। এছাড়া বাকি দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে যথাক্রমে ৮০৭ টাকা ও ৫৭ টাকা। রুদ্রনীলের একটি বিলাসবহুল গাড়ি রয়েছে। যার বাজারদর ৩৮ লক্ষ ৫২ হাজার ৩৩৩ টাকা। রুদ্রনীলের মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ৩৯ লক্ষ ৪৪ হাজার ৫৭৯ টাকা।

স্থাবর সম্পত্তি

হলফনামায় রুদ্রনীল জানিয়েছেন, তাঁর কোনও কৃষি বা অকৃষি জমি নেই। একটি ফ্ল্যাট ও দু’টি বাড়ি রয়েছে। যার বর্তমান মূল্য এক কোটি ৪০ হাজার। বাকি দুটি বাড়ির বর্তমান বাজারদর যথাক্রমে ১০ লক্ষ ও ৩০ লক্ষ। এর মধ্যে একটি বাড়ি পৈতৃক সম্পত্তি সূত্রে পাওয়া। রুদ্রনীলের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯০ লক্ষ টাকা।

রুদ্রনীলের হলফনামা অনুযায়ী, তাঁর মোট ঋণের পরিমাণ ৭০ লক্ষের বেশি। এর মধ্যে বাড়ির জন্য লোন রয়েছে ৫৯ লক্ষ ১০ হাজার ৬৭৪ টাকা। গাড়ির লোন রয়েছে ১৪ লক্ষ ৩ হাজার ১৬৬ টাকা।

হলফনামা অনুযায়ী, পেশা হিসেবে উল্লেখ করেছেন অভিনেতা। অভিনয় থেকেই তাঁর আয়। এমনই উল্লেখ করেছেন হলফনামায়। রুদ্রনীলের শিক্ষাগত যোগ্যতা স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেছেন।

Follow Us