Howrah: গ্রাউন্ড ফ্লোরে বাস, দোতলায় ওলা-উবের, টপ ফ্লোরে মাল্টিপ্লেক্স! চেনাই যাবে না হাওড়ার এই বাস টার্মিনাস
Howrah Station Bus Terminus: প্রকল্পটি বড় হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চূড়ান্ত পরিকল্পনা তৈরি করা হবে বলে জানান উমেশ রাই। রেল, কেএমডিএ, হাওড়া পুরনিগম ও জেলা প্রশাসনকে নিয়ে যৌথভাবে কাজের পরিকল্পনাও রয়েছে। গঠিত হবে বিশেষ টাস্ক ফোর্স।

হাওড়া: দেশের নানা প্রান্তে যাওয়ার ট্রেন ছাড়ে হাওড়া স্টেশন থেকে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষের যাতায়াত এই স্টেশন দিয়ে। কিন্তু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে হাওড়া স্টেশনের (Howrah Bus Terminus) বাস টার্মিনাস। তাকেই এবার আধুনিক রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সোমবার হাওড়া স্টেশন সংলগ্ন বাস টার্মিনাস এলাকা পরিদর্শন করে এমনই পরিকল্পনার কথা জানালেন নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই।
থাকছে মার্কেট, মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্স- কেমন হবে বাস টার্মিনাস?
বর্তমান বাস টার্মিনাসের বেহাল পরিকাঠামো, ভাঙাচোরা ছাদ, অপরিচ্ছন্ন পরিবেশ এবং যাত্রীদের সমস্যার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, প্রথমে অস্থায়ী বাসস্ট্যান্ড তৈরির কাজ শুরু হবে। ইতিমধ্যেই তার পরিকল্পনা তৈরি হয়েছে। এরপর তৈরি হবে বড় ও আধুনিক বাস টার্মিনাস।
মন্ত্রী জানান, ভবিষ্যতে হাওড়া বাস টার্মিনাসকে মাল্টি-লেভেল ট্রান্সপোর্ট হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তাঁর স্বপ্ন অনুযায়ী, গ্রাউন্ড ফ্লোরে থাকবে বাসস্ট্যান্ড। প্রথম তলায় থাকবে ট্যাক্সি, ওলা, উবের, র্যাপিডো-সহ বিভিন্ন সংস্থার গাড়ি রাখার ব্যবস্থা। উপরের তলায় থাকতে পারে মার্কেট, মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্স।
গঠিত হবে বিশেষ টাস্ক ফোর্স
প্রকল্পটি বড় হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চূড়ান্ত পরিকল্পনা তৈরি করা হবে বলে জানান উমেশ রাই। রেল, কেএমডিএ, হাওড়া পুরনিগম ও জেলা প্রশাসনকে নিয়ে যৌথভাবে কাজের পরিকল্পনাও রয়েছে। গঠিত হবে বিশেষ টাস্ক ফোর্স। মন্ত্রীর কথায়, হাওড়া স্টেশনে নেমে যাত্রীদের যেন মনে হয় তাঁরা আধুনিক কোনও আন্তর্জাতিক শহরে এসেছেন, এই লক্ষ্যেই বাস টার্মিনাসের চেহারার আমুল পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।
