
হাওড়া: আইনি জটিলতায় আটকে গিয়েছে পুর নির্বাচন। ওয়ার্ড পুনর্বিন্যাসের বিরোধিতায় যে মামলা হয়েছে, তাতেই আপাতত ভোট ঘোষণায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, সরকারের বক্তব্য স্পষ্ট, পরিষেবা অব্যাহত রাখার জন্য ভোট হওয়া জরুরি, আর সেই পথেই হাঁটছে রাজ্য সরকার। কিন্তু ১ ডিসেম্বরের মধ্যে যদি কোনও সুরাহা না হয়, তাহলে কো অর্ডিনেটর বসিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কাদের কো অর্ডিনেটর করা হবে, সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে ছটপুজো উপলক্ষে হাওড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়েই কো অর্ডিনেটর বসানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যারা জানে যে হেরে যাবে, তারা ভোট বন্ধ করে দিচ্ছে। ১২ বছর ধরে হাওড়ার মানুষ পরিষেবা পাচ্ছে না। আধিকারিকদের পক্ষে সব কাজ করা সম্ভব হচ্ছে না। আমরা যখন ভোটের জন্য প্রস্তুত হলাম, তখন ওরা কোর্টে চলে গিয়েছে।”
মুখ্যমন্ত্রী বলেন, হাইকোর্টের স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন তিনি। আর সেখানে স্বস্তি না মিললে ১ ডিসেম্বর থেকে কো অর্ডিনেটর বসি দেওয়া হবে। তবে শুভেন্দুর কথায়, তাঁদেরকেই কো অর্ডিনেটর করা হবে, যাঁরা সরকারের বিরোধিতা করবে না।
এই প্রসঙ্গে সমালোচনা করেছেন বিরোধিরা। কালীঘাটপন্থী তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্য়ায় বলেন, “বিজেপির কাছে কাজটা কোনও বড় ব্যাপার নয়। ওঁরা ইয়েস ম্যান খুঁজছেন। সরকারের বিরুদ্ধে কিছু লোক তো বলবেই। তারা যোগ্য হলেও কো অর্ডিনেটর হতে পারবে না। বিজেপির বাহুবলীদের বসানো হবে।”
উল্লেখ্য, সম্প্রতি এই কো অর্ডিনেটর প্রসঙ্গে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। তিনি বলেছেন, “আমরা নিশ্চয় সিপিএমের অফিস থেকে কাউকে নিয়ে আসব না, বা তৃণমূলের চিহ্নিত দুর্নীতিবাজদের বসাব না। বিজেপির স্থানীয় নেতাদেরই সেই সুযোগ দেওয়া হবে।” তবে সেই পরিস্থিতি যাতে না হয়, তেমনটাই আশা করছেন বিজেপি নেতারা।