
রেজিনগর: হুঙ্কার দিয়েছিলেন ২৪ ঘণ্টা ধর্নার। মাত্র ৬ ঘণ্টাতেই রণে ভঙ্গ দিলেন হুমায়ুন কবীর। দুর্যোগের দোহাই দিয়ে ধর্না থেকে উঠে গেলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা নওদার বিধায়ক।
নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগেই আজুপ নেতা হুমায়ুন কবীর অভিযোগ তুলেছিলেন যে বেছে বেছে আম জনতা উন্নয়ন পার্টির নেতা-কর্মীদেরই গ্রেফতার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে। এই অভিযোগেই রেজিনগর থানার সামনে ২৪ ঘণ্টার জন্য ধর্নায় বসেছিলেন হুমায়ুন কবীর। একাই ধর্নায় বসবেন বলেছিলেন। তবে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ যখন ধর্নায় বসেন, তখন তাঁর সঙ্গে দলের এক নেত্রী ছিলেন।
তবে ঝমঝমিয়ে বৃষ্টি নামতেই আর বসে থাকতে পারলেন না বিধায়ক। দুর্যোগের দোহাই দিয়ে ৬ ঘণ্টাতেই তিনি ধর্নায় ইতি টানলেন হুমায়ুন। মাঝে কিছু সময় আবার তিনি মধ্যাহ্নভোজের জন্যও গায়েব ছিলেন!
হুমায়ুনের এই ঘণ্টা কয়েকের ধর্না নিয়ে কটাক্ষ করে বিরোধীরা বলছেন, আগেও এমন ধর্নার অভিনয় করেছেন হুমায়ুন কবীর। রেজিনগরে প্রচার পেতেই তিনি এইরকম করছেন। এই প্রসঙ্গে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, “উনি তো বৃষ্টি যেখানে না হবে, সেইরকম জায়গাতেই বসেছিলেন। ২৪ ঘণ্টা ধর্নায় বসবেন বলেছিলেন, আর পাঁচ ঘণ্টাতেই উঠে গেলেন। এটা খুব দুর্ভাগ্যজনক। ওঁ প্রতিটা কথায় কথায় আমাদের যেভাবে আক্রমণ করতেন নির্লজ্জভাবে, এই হুমায়ুন কবীর আমার বিরুদ্ধে পার্লামেন্টে বিজেপির প্রার্থী হয়েছিল। আজ বিজেপির বিরুদ্ধে বড় বড় কথা বলছে। ওঁর নিজস্বতা কিছু নেই। একদম ছোটলোকের মতো কথাবার্তা বলে। আমরা বিজেপির পাশেও যাইনি, সঙ্গেও যাইনি। আমাদের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। আসলে ওঁ যা করে, অন্যের উপরে চাপিয়ে দেয়।”